রান্নাঘরে গন্ধ এড়াতে কী করবেন? ছবি: সংগৃহীত।
আনাজ কোটা, রান্নাবান্না, বেকিং— দিনভর সবচেয়ে বেশি নোংরা হয় রান্নাঘরই। আবার স্বাস্থ্যের দিকে নজর দিলে হেঁশেলটাই সবচেয়ে বেশি পরিচ্ছন্ন হওয়া দরকার। রান্নাঘর ঠিকমতো পরিষ্কার না করলে যেমন স্বাস্থ্যের উপর ক্ষতিকর প্রভাব পড়তে পারে, তেমনই বিশ্রী গন্ধও ছাড়ে। নিয়ম করে হেঁশেল পরিষ্কার করলেও, কোন জায়গাগুলি বাদ পড়ে গেলে সমস্যা হতে পারে?
ফ্রিজ: কাঁচা সব্জি থেকে রান্না করা খাবার— সবটাই রাখা হয় ফ্রিজে। কিন্তু ফ্রিজ নিয়ম করে কেউই পরিষ্কার করেন না। ফ্রিজে রাখা রকমারি খাবার থেকেই দুর্গন্ধ হতে পারে। তা ছাড়া সপ্তাহে এক বা দু’দিন অন্তত ফ্রিজ পরিষ্কার না করলে সেখানে ব্যাক্টেরিয়া বাসা বাঁধতে পারে।
বেসিনের নীচে এবং উপরে: রান্নাঘরের বেসিনটি নিয়ম করে পরিষ্কার করা দরকার। শুধু জল দিয়ে ধোয়া যথেষ্ট নয়। ব্রাশ দিয়ে ঘষে সাবান দিয়ে পরিষ্কার রাখলে রান্নাঘর ঝকঝকে থাকে। অনেক বাড়িতে বেসিনের উপর এঁটো বাসন ডাঁই করে রাখা থাকে। তা থেকেই দুর্গন্ধ ছড়ায়। বাসন মাজার পরে বেসিনের উপর এবং নীচের অংশ ভাল করে পরিষ্কার করে নিন। মাঝেমধ্যে বেসিনের পাইপটিও পরিষ্কার করা দরকার।
মাইক্রোওয়েভ অভেন: নিয়ম করে গ্যাস অভেন পরিষ্কার করা হলেও, বহু বাড়িতেই মাইক্রোওয়েভ অভেন পরিষ্কার করা হয় না। কিন্তু সেখানেও রোজের খাবার গরম এমনকি রান্না হয়। রান্নার অংশবিশেষ অভেনে পড়েও থাকে। তা থেকেও গন্ধ বার হতে পারে।