গরম আলুর খোসা ছাড়ানোর সহজ কৌশল। ছবি: সংগৃহীত।
রান্নাঘরের কিছু কিছু কাজ দেখতে সহজ হলেও করার সময়ে ঝক্কির শেষ থাকে না। ঠিক যেমন, গরম আলুর খোসা ছাড়ানো। সেদ্ধ হওয়ার পর আলু হাতে নিলেই হাত পুড়ে যাওয়ার মতো অবস্থা হয়। গরম আলুর খোসা ছাড়ানো সহজ নয়। তাই অপেক্ষা করতে হয়, তাতে সময় নষ্ট হয়। এ দিকে ব্যস্ত জীবনে সেইটুকু সময় ব্যয় করার মতো সময়ও নেই লোকের হাতে। তাই খুব সহজ একটি কৌশল জেনে নিলে এই ঝক্কি থেকে পুরোপুরি মুক্তি পাওয়া যেতে পারে।
সেদ্ধ আলুর খোসা ছাড়াবেন কী ভাবে? ছবি: এআই সহায়তায় প্রণীত
আলু সেদ্ধ হওয়ার পরই সেটিকে সরাসরি হিমশীতল জলে ডুবিয়ে নিতে হবে। এটিই সবচেয়ে কার্যকর উপায়। তার পর আলু তুলে নিয়ে খোসা ছাড়ানো কোনও ব্যাপারই নয়! হঠাৎ তাপমাত্রার পরিবর্তনে আলুর খোসা ঢিলে হয়ে যায়, ফলে খুব সহজেই হাত দিয়ে টানলে খোসা উঠে আসে। এই পদ্ধতির সবচেয়ে বড় সুবিধা হল, এতে হাত পুড়ে যাওয়ার ভয় থাকে না এবং আলু ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষাও করতে হয় না। উচ্চ তাপে আলু এবং আলুর খোসা প্রসারিত হয়ে যায়। তার পর হঠাৎ মুহূর্তের মধ্যে গরম থেকে ঠান্ডায় যাওয়ার ফলে সেটি সঙ্কুচিত হয়ে যায়। ফলে বাইরের স্তর আলগা হয়ে যায় মুহূর্তের মধ্যে। আর তখন খোসা প্রায় নিজে থেকেই খুলে আসে। ফলে আলাদা করে ছুরি ব্যবহার করারও দরকার পড়ে না।
আরও একটি ছোট কৌশল কাজে লাগতে পারে। আলু সেদ্ধ করার আগে যদি মাঝখান দিয়ে হালকা করে একটি দাগ কেটে নেওয়া যায়, তা হলে সেদ্ধ হওয়ার পর ঠান্ডা জলে ডুবিয়ে নিলেই খোসা দু’দিকে সরে গিয়ে দ্রুত আলগা হয়ে আসে।
অনেকেই অভ্যাসবশত গরম অবস্থাতেই খোসা ছাড়ানোর চেষ্টা করেন, কিন্তু এতে সময়ও বেশি লাগে, আবার হাতও পুড়ে যেতে পারে। বরং কয়েক মিনিট ঠান্ডা জলে স্নান করালেই পুরো কাজটা অনেক সহজ হয়ে যায়। ম্যাশড পোট্যাটো বা আলুমাখা, আলুর স্যালাড, আলুভাতে ইত্যাদি রেসিপির জন্য এই পদ্ধতি বেশ কার্যকর। রান্নাঘরের কাজ মানেই পরিশ্রমের, তা সত্য নয়। বরং কাজ সারার জন্য সঠিক কৌশল জানাটা বেশি জরুরি।