প্রিয়ঙ্কা-নিক। ছবি: সংগৃহীত।
নিক জোনাস ও প্রিয়ঙ্কা চোপড়ার জমাটি রসায়ন অনুরাগীরা বেশ পছন্দ করেন। যুগল তাঁদের দাম্পত্য জীবনের খুঁটিনাটি প্রায়ই সমাজমাধ্যমে প্রকাশ করেন। কখনও নিকের কনসার্টের দর্শকাসনে বসে প্রিয়ঙ্কার উদ্দাম নাচ, কখনও আবার প্রিয়ঙ্কার ফোটোশুটে এসে স্ত্রীর ছবি ক্যামেরাবন্দি করতে দেখা যায় নিককে। কোন কোন গুণ থাকার কারণে তিনি একজন ভাল স্বামী হয়ে উঠতে পেরেছেন, সম্প্রতি এক সাক্ষাৎকারে সে কথাই খোলসা করলেন নিক।
এক সাক্ষাৎকারে নিককে প্রশ্ন করা হয়, কোন কোন গুণ তাঁকে একজন ভাল স্বামী করে উঠতে সাহায্য করেছে? নিকের জবাব, ‘‘আমার কাছে একজন ভাল স্বামী হওয়ার অর্থ হল নির্ভরযোগ্য, বিশ্বস্ত হওয়া।’’ মেয়ে মালতিকে ভীষণ ভালবাসেন নিক। প্রিয়ঙ্কা কাজের সূত্রে ভারতে এলে আমেরিকার মেয়ের দেখাশোনা করার দায়িত্বে থাকেন নিক। প্রিয়ঙ্কার মতে, নিক দক্ষ হাতে সেই দায়িত্ব সামলান। নিক বলেন, ‘‘আমি আর প্রিয়ঙ্কা একে অপরের সঙ্গে কেমন আচরণ করি, তা সবটাই আমাদের মেয়ে দেখছে। আশা করি, সে এক দিন এমন কাউকে খুঁজে পাবে যে ওকে ভীষণ খুশি রাখবে। মনের মানুষ বাছাই করার সময় সে নিশ্চয়ই মনে রাখবে আমি প্রিয়ঙ্কার সঙ্গে কেমন আচরণ করি। আমি মনে করি, প্রিয়ঙ্কাকে খুশি রাখা, ওকে নিরাপদ রাখাই আমার সবচেয়ে বড় দায়িত্ব।’’
এক সময় হিন্দি সিনেমার জগতের তৈরি করা মাটি ছেড়ে প্রিয়ঙ্কা উড়ে যান হলিউডে। সেখানেই তাঁর সঙ্গে দেখা নিক জোনাসের। তাঁদের বয়সের পার্থক্য প্রায় ১১ বছরের। কিন্তু ভারতীয় অভিনেত্রীর প্রেমে হাবুডুবু নিক। তিন মাসের আলাপেই প্রিয়ঙ্কাকে বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি।