ICC T20 World Cup 2026

প্রতিপক্ষ ভারত! উত্তেজিত নামিবিয়া, ম্যাচের ফল নয়, পরিকল্পনা মতো ভাল খেলাই লক্ষ্য আফ্রিকার দেশটির

আইসিসির অ্যাসোসিয়েট সদস্য দেশগুলি টেস্ট খেলিয়ে দেশগুলির বিরুদ্ধে খেলার তেমন সুযোগ পায় না। বিশ্বকাপ সেই সুযোগ দিচ্ছে। বিশ্বের এক নম্বর দল ভারতের বিরুদ্ধে ম্যাচের আগে উত্তেজিত নামিবিয়া শিবির।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২৬ ২০:২৫
picture of cricket

নামিবিয়ার ক্রিকেট দল। ছবি: এক্স।

আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) পূর্ণ সদস্য দেশগুলির সঙ্গে সারা বছর খেলার সুযোগ থাকে না অ্যাসোসিয়েট সদস্য দেশগুলির। বিশ্বকাপ বা এশিয়া কাপের মতো বড় প্রতিযোগিতাগুলিতে সুযোগ পায় তারা। তেমনই এ বার টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে খেলার সুযোগ পাচ্ছে নামিবিয়া। বিশ্বের এক নম্বর টি-টোয়েন্টি দলের বিরুদ্ধে ম্যাচের আগে উত্তেজিত নামিবিয়া শিবির।

Advertisement

আগামী বৃহস্পতিবার দিল্লিতে সূর্যকুমার যাদবদের মুখোমুখি হবে নামিবিয়া। এই ম্যাচ নিয়ে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন নামিবিয়ার অধিনায়ক গেহার্ড ইরাসমাস। তিনি বলেছেন, ‘‘আমাদের সামনে একটা অসাধারণ সুযোগ। রাতে ৫০ হাজার দর্শকের সামনে বিশ্বের সেরা দলের সঙ্গে আমরা খেলব। আমরা দেখেছি, দুটো অ্যাসোসিয়েট দেশের খেলা দেখতে প্রচুর মানুষ এসেছিলেন। মাঠে দুর্দান্ত পরিবেশ ছিল। এটা থেকেই বোঝা যায় বিশ্বের এই অংশের মানুষ ক্রিকেট কত ভালবাসে।’’ ভারতের বিরুদ্ধে তাঁরা নিজের সেরাটা দিতে চান। ইরাসমাস জানিয়েছেন, বৃহস্পতিবারের ম্যাচে তাঁদের হারানোর কিছু নেই। ফলাফল নিয়ে ভাবছেন না ইরাসমাস। যতটা সম্ভব ভাল ক্রিকেট খেলাই তাঁর লক্ষ্য।

নামিবিয়ার কোচ ক্রেগ উইলিয়ামসও ভারতের বিরুদ্ধে ম্যাচের দিকে তাকিয়ে রয়েছেন। তাঁর অবশ্য একটি আফসোসও রয়েছে। মঙ্গলবার নেদারল্যান্ডসের বিরুদ্ধে দল প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে না পারায় তিনি কিছুটা হতাশ। পরিকল্পনা অনুযায়ী খেলতে না পারার কথা বলেছেন। ভারতের বিরুদ্ধে সেই ভুল না করার পরামর্শ দিচ্ছেন ক্রিকেটারদের। উইলিয়ামস বলেছেন, ‘‘ভারতের বিরুদ্ধে ম্যাচে আমরা কয়েকটি বিষয়ের উপর গুরুত্ব দিচ্ছি। আমাদের প্রথম চার ব্যাটারকে দায়িত্ব নিতে হবে। যতটা সম্ভব বেশি সময় ২২ গজে থাকতে হবে ওদের। ভাল জুটি তৈরির চেষ্টা করতে হবে। আমরা নির্দিষ্ট পরিকল্পনা অনুযায়ী খেলার চেষ্টা করব।’’

Advertisement
আরও পড়ুন