অভিষেক শর্মা। —ফাইল চিত্র।
ওয়াশিংটন সুন্দর, হর্ষিত রানা, জসপ্রীত বুমরাহের পর অভিষেক শর্মা। বিশ্বকাপের সময় চোট, অসুস্থতায় জর্জরিত ভারতীয় শিবির। টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে আমেরিকার বিরুদ্ধে রান পাননি অভিষেক। পরে ফিল্ডিং করতেও নামেননি। খেলা শেষ হওয়ার পরও দেখা যায়নি অভিষেককে। মঙ্গলবারও অনুশীলন করতে পারলেন না ওপেনিং ব্যাটার।
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের অন্যতম ভরসা অভিষেক। কিন্তু তাঁর অসুস্থতা উদ্বেগ বাড়াচ্ছে গৌতম গম্ভীরদের। ভারতীয় শিবির সূত্রে খবর, অভিষেক পেটের সমস্যায় কিছু দিন ধরে ভুগছেন। কিছুটা দুর্বলও হয়েছে পড়েছেন। আমেরিকার বিরুদ্ধে ম্যাচের দিনও সম্পূর্ণ সুস্থ ছিলেন না। কিছুটা ঝুঁকি নিয়েই তাঁকে খেলায় ভারত।
আমেরিকার বিরুদ্ধে প্রথম ওভারে আউট হওয়ার পর মাঠে আর দেখা যায়নি অভিষেককে। দিল্লিতে কোচ গম্ভীরের বাড়িতে নৈশভোজের নিমন্ত্রণ রক্ষা করতে গেলেও অল্প সময় থেকে হোটেলে ফিরে যান। মঙ্গলবারও অনুশীলন করতে পারেননি তিনি। এ দিন ভারতীয় দলের সহকারী কোচ রায়ান টেন দুশখাতে বলেছেন, ‘‘পেটের সমস্যাটা এখনও ভোগাচ্ছে অভিষেককে। ম্যাচের আগে দু’দিন আছে। আশা করছি আমরা ওকে পাব।’’ ভারতীয় দলের কোচের মন্তব্য থেকেই পরিষ্কার নামিবিয়ার বিরুদ্ধে অভিষেককে পাওয়ার ব্যাপারে সংশয় রয়েছে ভারতীয় শিবিরে।
অভিষেককে নিয়ে নতুন উদ্বেগ তৈরি হলেও স্বস্তির খবরও রয়েছে। মঙ্গলবার অনুশীলন করেছেন বুমরাহ এবং সুন্দর। উল্লেখ্য, সোমবার দিল্লিতে ভারতীয় দলের সঙ্গে যোগ দিয়েছেন সুন্দর। রবিবার তাঁকে ম্যাচ খেলার ছাড়পত্র দিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) চিকিৎসকেরা।