Whatsapp New Feature

জরুরি কথা বলতে ভুলে যান? মনে করাবে হোয়াট্‌সঅ্যাপ, বার্তাও পাঠাবে, আসছে নয়া ফিচার

নানা কাজের মাঝে জরুরি কথা বলতে ভুলে যান প্রায়ই। বন্ধুর জন্মদিনও মনে থাকে না। কোন দিন কোন কাজটি করার কথা ভেবেছেন, তা-ও বেমালুম উবে যায় মাথা থেকে। এ বার সেই সমস্যারই সমাধান করবে হোয়াট্‌সঅ্যাপ। আসছে ‘মেসেজ শিডিউল’ অপশন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:০৬
WhatsApp to soon allow users to schedule messages

হোয়াটস্‌অ্যাপে এ বার মেসেজ ‘শিডিউল’ করতে পারবেন। ফাইল চিত্র।

রোজের ব্যস্ততা যত বাড়ছে, ততই বাড়ছে ভুলে যাওয়ার সমস্যা। একটা সময়ে ঠিক মনে রেখে বন্ধুদের জন্মদিনে শুভেচ্ছা পাঠাতেন। এখন আর দিনক্ষণ মনেই থাকে না। অফিসের সহকর্মীকে কাজের জরুরি কথা জানাতেও ভুলে যান। ছোট ছোট বিষয়ে ভুলে যাওয়ার সমস্যা আপনার একার নয়, কমবেশি সকলেরই। মনে রাখতে তাই অনেকেই মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখেন। তবে এখন আর সে ঝক্কি পোহাতে হবে না। কাকে কী বলবেন, কোন দিন কাকে কী বার্তা পাঠাবেন, তা আগাম ঠিক করে রাখতে পারবেন। সময়মতো আপনার বার্তা তাঁর চ্যাটবক্সে ঢুকে যাবে। এমন সুবিধা আনতে চলেছে হোয়াট্‌সঅ্যাপ। এই প্রথম বার দিনক্ষণ লিখে মেসেজ ‘শিডিউল’ করা যাবে হোয়াট্‌সঅ্যাপে।

Advertisement

মেসেজ শিডিউল অপশনটি কী?

এই ফিচারের মাধ্যমে আপনি আগে থেকেই কোনও মেসেজ লিখে রাখতে পারবেন। সেটি কোন দিন কাকে পাঠাবেন সেই দিনক্ষণও ঠিক করে রাখতে পারবেন। নির্দিষ্ট সময়ে আপনি ভুলে গেলেও হোয়াট্‌সঅ্যাপ ঠিক মনে করে সেই বার্তা পাঠিয়ে দেবে। আপনাকে সেই সময়ে অনলাইনে থাকতেও হবে না।

বিষয়টি বুঝিয়ে বলা যাক। ধরুন, রাত ১২টায় কোনও বন্ধুকে জন্মদিনের শুভেচ্ছা জানাবেন বলে ভেবেছেন। আপনি আগে থেকেই শুভেচ্ছা বার্তা লিখে কোন দিন রাতে যাবে সেই সময়টা সেট করে রাখুন। ঠিক ওই দিনই আপনার শুভেচ্ছা বার্তা সঠিক সময়ে বন্ধুর চ্যাটে চলে যাবে। ব্যক্তিগত কাজ হোক বা পেশাগত ক্ষেত্রে, জরুরি বার্তা সঠিক সময়ে পৌঁছে দিতে হোয়াট্‌সঅ্যাপে ‘মেসেজ শিডিউল’ অপশনটি ব্যবহার করা যাবে। চ্যাট ‘ইনফো’ নামে স্ক্রিনে একটি নতুন অপশন থাকবে। কী কী মেসেজ পাঠাবেন বলে ঠিক করে রেখেছেন, তা দেখা যাবে। মেসেজটি পাঠানোর আগে যে কোনও সময়ে লেখা পরিবর্তন করতে পারবেন বা চাইলে মুছেও দিতে পারবেন।

হোয়াট্‌সঅ্যাপের আইওএস বিটা ভি২৬.৭.১০.৭২ সংস্করণে নতুন ফিচারটি নিয়ে পরীক্ষানিরীক্ষা চলছে। অ্যান্ড্রয়েডেও খুব তাড়াতাড়ি ফিচারটি চলে আসবে বলে খবর।

Advertisement
আরও পড়ুন