কী ভাবে বানাবেন তিলমোহিনী? ছবি: সংগৃহীত।
গরমের দিনের সব্জির তালিকায় লাউয়ের কদর যথেষ্ট। এই সব্জির সিংহ ভাগই জল। পেট ঠান্ডা রাখে লাউ। ডাল, ঘণ্ট নানা ভাবেই খাওয়া হয় সব্জিটি। তবে লাউ দিয়ে একটু নতুন ধরনের কিছু রাঁধতে চাইলে বানিয়ে ফেলুন তিলমোহিনী। সাদা তিল দিয়ে হয় রান্নাটি। স্বাদ বাড়াতে জুড়তে পারেন বড়িও।
উপকরণ
একটি ছোট লাউ
১০-১২টি বড়ি
৪-৫ টেবিল চামচ সাদা তিল
সর্ষের তেল
২-৩টি শুকনো লঙ্কা
১টি তেজপাতা
১ চা-চামচ জিরে
এক ইঞ্চি আদাবাটা
১ চা-চামচ হলুদ
৪-৫টি কাঁচালঙ্কা
স্বাদমতো নুন
১-২ টেবিল চামচ চিনি
প্রণালী: লাউ সরু সরু করে কেটে ধুয়ে রাখুন। বড়ি তেলে ভেজে তুলে রাখুন। অল্প করে ভেঙে নিন।
কড়াইয়ে সর্ষের তেল দিয়ে শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে ফোড়ন দিন। যোগ করুন আদাবাটা। খানিক কষানো হলে লাউ যোগ করুন। নুন-হলুদ দিয়ে অল্প নাড়াচাড়া করুন। যোগ করুন কয়েকটি কাঁচালঙ্কা। আঁচ কমিয়ে ঢাকা দিন। লাউ থেকে জল বেরোবে, সেই জলেই রান্না হবে। এই সময় সাদা তিল শুকনো খোলায় নাড়িয়ে, কাঁচালঙ্কা এবং জল দিয়ে মিহি করে বেটে নিন।
লাউ সেদ্ধ হয়ে এলে যোগ করুন স্বাদমতো চিনি। রান্নায় খানিক মিষ্টি স্বাদ থাকবে। তিল বাটা মিশিয়ে আরও মিনিট ৫-৭ রান্না করুন। শেষে ভাজা বড়ি ছড়িয়ে আরও ২ মিনিট রান্না করে নিন। তা হলেই তৈরি হয়ে যাবে লাউয়ের তিলমোহিনী।