Veg Deewani Handi

কপি, গাজর, বিন‌্স! কোনটা ছেড়ে কোনটা খাবেন? রকমারি সব্জি দিয়েই হোক ‘দিওয়ানি হান্ডি’

হাঁড়িতেই পরিবেশন হবে পাঁচমেশালি সব্জি। তবে বাদাম, ক্রিমের মিশেলে তার স্বাদ হবে আলাদা। দেখতে যতটা সুন্দর, খেতেও ততটাই ভাল হবে সঠিক কায়দায় রাঁধলে। একবার বানিয়েই দেখুন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:৩৫
একঘেয়ে পাঁচ মিশালি তরকারি নয়, স্বাদ বদলে বানিয়ে নিন ‘ভেজ দিওয়ানি হান্ডি’।

একঘেয়ে পাঁচ মিশালি তরকারি নয়, স্বাদ বদলে বানিয়ে নিন ‘ভেজ দিওয়ানি হান্ডি’। ছবি: সংগৃহীত।

ফুলকপি, বাঁধাকপি, গাজর, সিম, বেগুন, মুলো—শীতের বাজার মানে সব্জি রকমারি। মরসুম শেষ হওয়ার মুখে যখন এখনও মিলছে টাটকা তরিতরকারি, তা দিয়েই বানান রেস্তরাঁ স্টাইলের নিরামিষ এক খাবার। গ্রামবাংলার পাঁচমিশালি সব্জির সঙ্গে একে গুলিয়ে ফেললে চলবে না। বরং কাজু, ক্রিমের সমাহারে বানিয়ে ফেলুন ‘ভেজ দিওয়ানি হান্ডি’। ভাত নয়, এই তরকারি খেতে ভাল লাগবে তন্দুরি রুটি, নান, পরোটা, কুলচার সঙ্গে। রান্নাটি হাঁড়িতে না হলেও, পরিবেশন করুন মাটি বা অ্যালুমিনিয়ামের শৌখিন ছোট্ট হাঁড়িতেই। ঠিকমতো রাঁধতে পারলে, এমন খাবারের প্রেমে পড়বেন সকলেই।

Advertisement

উপকরণ

আধ খানা ফুলকপি

২টি মাঝারি গাজর

৪-৫টি বিন্‌স

ছোট একবাটি কড়াইশুঁটি

৩-৪টি সিম

১টি বড় টম্যাটো

একমুঠো পেঁয়াজ বেরেস্তা

৬-৮টি কাজুবাদাম

১ টেবিল চামচ আদা-রসুন বাটা

৪-৫ কোয়া রসুন

আধ ইঞ্চি রসুন

১টি তেজপাতা

১ চা-চামচ জিরে

৩-৪টি গোলমরিচ

২-৩টি ছোট এলাচ

২ টেবিল চামচ ঘি

৩-৪টি কাঁচালঙ্কা

সাদা তেল

নুন, চিনি

১ টেবিল চামচ ফ্রেশ ক্রিম

প্রণালী: কড়াইয়ে বা হাঁড়িতে সাদা তেল নিয়ে টম্যাটো কুচি দিয়ে দিন। যোগ করুন রসুন এবং টুকরো করে কাটা আদা, কাঁচালঙ্কা।স্বাদমতো নুন দিয়ে হালকা নাড়াচাড়া করে নিন। দিন একটু জল। টম্যাটো গলে গেলে ঠান্ডা করে, তার সঙ্গে পেঁয়াজ বেরেস্তা (বাদামী করে তেলে ভাজা পেঁয়াজ) যোগ করে মিক্সারে ঘুরিয়ে নিন।

কড়াইয়ে তেল দিয়ে জিরে ফোড়ন দিন। ফুলকপি, গাজর-সহ সমস্ত সব্জি ছোট করে কেটে হালকা করে নুন-হলুদ দিয়ে ভেজে তুলে রাখুন।

কড়াইয়ে সাদা তেল এবং ঘি দিয়ে গরম করুন। তেজপাতা, গোলমরিচ, এলাচ ফোড়ন দিন। আদা-রসুন বাটা, হলুদ, নুন, কাশ্মীরিলঙ্কার গুঁড়ো, ধনে-জিরে গুঁড়ো, দিয়ে কষিয়ে নিন। মিক্সারে ঘুরিয়ে নেওয়া টম্যাটো-বাদাম বাটা দিয়ে কষাতে থাকুন। তেল ছেড়ে এলে ভাজা সব্জি দিয়ে নাড়াচাড়া করে আঁচ কমিয়ে মিনিট পাঁচেক রান্না করে নিন। স্বাদমতো নুন-চিনি যোগ করে নিন। শেষ ধাপে একমুঠো ধনেপাতা কুচি দিয়ে নাড়াচাড়া করে নিন ফ্রেশ ক্রিম। মিনিট ২ রান্না করে ছোট হাঁড়িতে পরিবেশন করুন।

Advertisement
আরও পড়ুন