Chicken Barfi Kebab

পরিচিত পদ নয়, জামাইকে চমকে দিন একেবারে নয়া খাবারে, বানিয়ে ফেলুন মুরগির বরফি কবাব!

প্রতি বার একই খাবার রাঁধতে ইচ্ছে করে না? এ বার তা হলে মেয়ে আর জামাইকে নতুন ধরনের খাবার খাওয়ান। স্ন্যাক্‌স হিসাবে খেতে দিন মুরগির বরফি কবাব। রইল রন্ধনপ্রণালী।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৮ জুন ২০২৬ ১৯:৫৩
চিকেন বরফি কবাবের রেসিপি।

চিকেন বরফি কবাবের রেসিপি। ছবি: এআই সহায়তায় তৈরি।

জামাইষষ্ঠীতে প্রতি বার একই খাবার রাঁধতে ইচ্ছে করে না। এ বার তা হলে মেয়ে আর জামাইকে নতুন ধরনের কিছু খাওয়ান। স্ন্যাক্‌স হিসাবে খেতে দিন মুরগির বরফি কবাব। মুচমুচে, নরম, রসালো নয়া পদ মনজয় করবে সকলের।

Advertisement

উপকরণ

বাইরের আস্তরণের জন্য

৩৫০ গ্রাম মুরগির মাংস

১ চা চামচ আদা-রসুন বাটা

১ চা চামচ কাঁচালঙ্কা বাটা

আধ চা চামচ নুন

আধ চা চামচ তন্দুরি মশলা

আধ চা চামচ মিট মশলা (যে কোনও সংস্থার)

আধ চা চামচ সাদা গোলমরিচ গুঁড়ো

এক চিমটে গরমমশলা গুঁড়ো

২টি টুকরো পাউরুটি

আধমুঠো ধনেপাতাকুচি

৬-৭টি পুদিনাপাতা

১ টেবিল চামচ মাখন

পুরের জন্য

২ টেবিল চামচ সাদা তেল

১টি পেঁয়াজ

১ চা চামচ আদা-রসুন বাটা

আধ টেবিল চামচ থেঁতো করা কাঁচালঙ্কা বাটা

১৫০ গ্রাম মুরগির কিমা

আধ চা চামচ নুন

১ চা চামচ ধনেগুঁড়ো

আধ চা চামচ জিরেগুঁড়ো

আধ চা চামচ গোলমরিচ

আধ চা চামচ শুকনোলঙ্কা গুঁড়ো

আধ চা চামচ গরমমশলা গুঁড়ো

৩ টেবিল চামচ মেয়োনিজ়

সাদা তেল

২টি ডিম

কয়েক ফালি চিজ়

পাউরুটির গুঁড়ো

প্রণালী

বরফির বাইরের আস্তরণের জন্য মিক্সার গ্রাইন্ডারে মুরগির মাংস, আদা-রসুন বাটা, কাঁচালঙ্কা বাটা, নুন, সব গুঁড়োমশলা (তন্দুরি, মিট মশলা, সাদা গোলমরিচ, গরম মশলা), পাউরুটি, ধনেপাতা, পুদিনাপাতা এবং মাখন নিয়ে সব কিছু খুব ভাল ভাবে পিষে একটি মিহি পেস্ট তৈরি করে রেখে দিন।

পুরের জন্য একটি প্যানে ২ টেবিল চামচ সাদা তেল নিন। এতে পেঁয়াজের কুচি দিয়ে হালকা সোনালি হওয়া পর্যন্ত ভাজুন। তাতে আদা-রসুন বাটা, থেঁতো লঙ্কা দিয়ে অল্প সাঁতলে নিন। এ বার তাতে মুরগির কিমা মিশিয়ে ভাল করে কষতে থাকুন। মশলাপাতি এবং নুনও মিশিয়ে দিন। কষানো এই মশলা ঠান্ডা করে মিক্সার গ্রাইন্ডারে বেটে নিন। শেষে মেয়োনিজ় মিশিয়ে রেখে দিন।

এ বার বরফি বানানোর ধাপ শুরু হবে। প্রথম ধাপে তৈরি করা মাংসের পেস্ট থেকে ৭০ গ্রাম মিশ্রণ নিন। একটি প্লাস্টিক বিছিয়ে তার মাঝে এই মিশ্রণটি রেখে হাত দিয়ে চেপে চারকোনা করে ছড়িয়ে দিন। এর উপর একটি একটি করে চারকোনা মাংসের পেস্টের উপর একফালি চিজ় রেখে তার উপর দিয়ে ২০ গ্রাম পুর দিন। মাংসের মিশ্রণ দিয়েই সবুজ পুর ও চিজ় ঢেকে দিন। এ বার হাত বা ছুরির সাহায্যে নিখুঁত চারকোনা বরফি তৈরি করুন।

অন্য দিকে, ডিম ফেটিয়ে একটি পাত্রে রাখুন। পাশে পাউরুটির গুঁড়ো রাখুন আর একটি পাত্রে। একটি কড়াইয়ে বেশি করে তেল গরম করুন। একটি করে বরফি নিয়ে ডিমে চুবিয়ে গুঁড়োয় গড়িয়ে নিন। ছাঁকা তেলের পদ্ধতিতে চারকোনা বরফিগুলি ভেজে নিন।

শেষে ছুরি দিয়ে বরফিগুলি কেটে নিন তিনকোনা করে। ভিতরের সবুজ পুর দৃশ্যমান হবে এতে। একই সঙ্গে মুচমুচে, নরম, রসালো বরফি কবাব বানিয়ে স্ন্যাক্‌স হিসাবে জামাইকে আপ্যায়ন করুন।

Advertisement
আরও পড়ুন