Youth Olympic Games

ভারতীয় টেবল টেনিসে নজির সিন্ড্রেলার, যুব অলিম্পিক্সে সুযোগ বাংলার কিশোরীর, রয়েছে এশিয়ান গেমস, কমনওয়েলথ গেমসের দলেও

বাংলার টেবল টেনিসে সিন্ড্রেলা দাস গত কয়েক বছর ধরে পরিচিত নাম। ধীরে ধীরে জাতীয় স্তরেও নিজের জায়গা তৈরি করেছে সে। জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে একাধিক প্রতিযোগিতায় পদকও জিতেছে।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ৩০ জুন ২০২৬ ১৯:৩৬
Picture of Table Tennis

সিন্ড্রেলা দাস। — ফাইল চিত্র।

আগেই এশিয়ান গেমস এবং কমনওয়েলথ গেমসের দলে সুযোগ পেয়েছিল সিন্ড্রেলা দাস। এ বার ভারতের যুব অলিম্পিক্সের দলেও জায়গা করে নিল বাংলার টেবল টেনিস খেলোয়াড়।

Advertisement

যুব অলিম্পিক্স দলে জায়গা পাওয়ায় নজির গড়েছে সিন্ড্রেলা। ভারতের প্রথম টেবল টেনিস খেলোয়াড় হিসাবে একই ক্যালেন্ডার বছরে এশিয়ান গেমস এবং যুব অলিম্পিক্সে অংশগ্রহণ করবে ১৬ বছরের সিন্ড্রেলা। গত জানুয়ারি মাসে বডোদরায় জোড়া পদক জিতেছিল ১৬ বছরের সিন্ড্রেলা। সার্থক আর্যের সঙ্গে জুটি বেঁধে জিতেছিল অনূর্ধ্ব-১৯ মিক্সড ডাবলস। অনূর্ধ্ব-১৭ মেয়েদের সিঙ্গলসও চ্যাম্পিয়ন হয়েছিল সে। ধারাবাহিক ভাল পারফরম্যান্সের পুরস্কার পেল সিন্ড্রেলা।

কনিষ্ঠতম খেলোয়াড় হিসাবে এশিয়ান গেমসের যোগ্যতা অর্জন করে আগেই ইতিহাস গড়েছিল সিন্ড্রেলা। জাপানের আইচি নাগোয়ায় অনুষ্ঠেয় এশিয়ান গেমস এবং গ্লাসগোর কমনওয়েলথ গেমসের যে দল ঘোষণা করা হয়েছে, সেখানে সিন্ড্রেলা ছাড়াও সুযোগ পেয়েছেন আর এক বাঙালি খেলোয়াড়। তিনি সুতীর্থা মুখোপাধ্যায়। রিজার্ভে রয়েছেন আর এক বাঙালি স্বস্তিকা ঘোষ।

বাংলার টেবল টেনিসে সিন্ড্রেলা গত কয়েক বছর ধরে পরিচিত নাম। ধীরে ধীরে জাতীয় স্তরেও নিজের জায়গা তৈরি করেছে সে। এর আগে অনূর্ধ্ব-১৫ ও অনূর্ধ্ব-১৭ রাজ্য চ্যাম্পিয়ন হয়েছে। ডব্লিউটিটি ইয়ুথ কন্টেন্ডারে স্লোভেনিয়ায় অনূর্ধ্ব-১৩ সোনা, ইটালিতে অনূর্ধ্ব-১৩ সোনা, আলজেরিয়া, শ্রীলঙ্কা ও পেরুতে অনূর্ধ্ব-১৫ সোনা জিতেছে সে। দোহায় যুব প্রতিযোগিতায় সোনা জিতে ফিরে গোয়ায় অনূর্ধ্ব-১৭ জাতীয় চ্যাম্পিয়ন হয়েছে কলকাতার মেয়ে। পাঁচ বছরের মধ্যে এত সাফল্য পেয়েছে সে। সিন্ড্রেলার লক্ষ্য অলিম্পিক্স। ২০২৮ সালের লস অ্যাঞ্জেলস অলিম্পিক্সে দেশের প্রতিনিধিত্ব করতে চায় সে।

Advertisement
আরও পড়ুন