ICC T20 World Cup 2026

১৯ নজির: ভারত ভেঙে দিল বিশ্বরেকর্ড! আর কী কী রেকর্ড হল টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে

ভারত-ইংল্যান্ড সেমিফাইনালে তৈরি হয়েছে ১৯টি নজির। একাধিক বিশ্বরেকর্ড যেমন হয়েছে, তেমনই হয়েছে কয়েকটি লজ্জার নজিরও। একটি বিশ্বরেকর্ড ভেঙে দিয়েছে ভারত।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৬ মার্চ ২০২৬ ১২:১৩
picture of cricket

সূর্যকুমার যাদব। ছবি: এক্স।

টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে তৈরি হয়েছে বেশ কয়েকটি নজির। ভারত এবং ইংল্যান্ডের ক্রিকেটারেরা বৃহস্পতিবারের হাড্ডাহাড্ডি ম্যাচে শুধু বাউন্ডারির বাইরে বল পাঠিয়েছেন ৭৩ বার! সব মিলিয়ে ১৯টি নজির তৈরি হয়েছে ওয়াংখেড়ে স্টেডিয়ামে। কয়েকটি লজ্জার নজিরও রয়েছে তালিকায়।

Advertisement

১) সবচেয়ে বেশি রান

ভারত-ইংল্যান্ড দু’দল মিলে বৃহস্পতিবার করেছে ৪৯৯ রান। এর আগে দু’দেশের টি-টোয়েন্টি ম্যাচে কখনও এত রান ওঠেনি।

২) নক আউটে সবচেয়ে বেশি রান

বৃহস্পতিবার ভারতীয় দল করে ৭ উইকেটে ২৫৩ রান। জবাবে ইংল্যান্ডের ইনিংস শেষ হয় ৭ উইকেটে ২৪৬ রানে। টি-টোয়েন্টি ক্রিকেটের নক আউট ম্যাচে এত রান কোনও দল এর আগে করতে পারেনি। ভারতের ২৫৩ রান থাকল তালিকায় শীর্ষে। ইংল্যান্ডের ২৪৬ রান দ্বিতীয় স্থানে। আগের রেকর্ডটি ছিল ইটালির দখলে। ২০২৪ সালে রোমনিয়ার বিরুদ্ধে একটি নকআউট ম্যাচে ৪ উইকেটে ২৪৪ রান করেছিল ইটালি।

৩) বিশ্বকাপের নক আউট ম্যাচে সর্বোচ্চ রান

টি-টোয়েন্টি বিশ্বকাপের নক আউট ম্যাচে এর আগে এক বারই ২০০ বা তার বেশি রান হয়েছিল। ২০১২ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়েস্ট ইন্ডিজ় ৪ উইকেটে ২০৫ রান করেছিল। ক্যারিবিয়ানদের সেই রেকর্ড বৃহস্পতিবার ভেঙে দিয়েছে ভারত এবং ইংল্যান্ড।

৪) ছ’বার ২৫০ পার

টি-টোয়েন্টি ক্রিকেটে এই নিয়ে ছ’বার ২৫০ বা তার বেশি রান করল ভারতীয় দল। বিশ্বের আর কোনও দল এত বার ২০ ওভারের ম্যাচে ২৫০ বা তার বেশি রান করতে পারেনি। সূর্যকুমার যাদবেরা ভেঙে দিলেন সানরাইজার্স হায়দরাবাদের রেকর্ড। আইপিএলের দলটি পাঁচ বার ২৫০ বা তার বেশি রান করেছে।

৫) ভারতের ‘ফাইনাল’ নজির

এই নিয়ে চার বার টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে উঠল ভারত। ২০০৭, ২০১৪, ২০২৪ সালের পর ২০২৬। বিশ্বের আর কোনও দল চার বার টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল খেলেনি। শ্রীলঙ্কা, পাকিস্তান এবং ইংল্যান্ড তিন বার করে ফাইনাল খেলেছে।

৬) প্রথম দল ভারত

প্রথম দল হল ভারত, যারা আগের বারের চ্যাম্পিয়ন হিসাবে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে উঠল। তৃতীয় দল হিসাবে টানা দু’টি বিশ্বকাপের ফাইনাল খেলবে ভারত। এই নজির রয়েছে পাকিস্তান (২০০৭ এবং ২০০৯) আর শ্রীলঙ্কার (২০১২ এবং ২০১৪)।

৭) ১৫ বার ফাইনালে ভারত

এই নিয়ে ১৫ বার ভারত আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) প্রতিযোগিতায় ফাইনাল খেলবে। আর কোনও দল এত বার ফাইনালে উঠতে পারেনি। বৃহস্পতিবার অস্ট্রেলিয়াকে টপকে একক ভাবে শীর্ষে চলে এসেছে ভারত। অজিরা ১৪ বার আইসিসি প্রতিযোগিতায় ফাইনাল খেলেছে।

৮) আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্বিতীয় সর্বোচ্চ রান

আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে সবচেয়ে বেশি রানের নজির রয়েছে দক্ষিণ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজ়ের খেলায়। ২০২৩ সালে দু’দলের একটি ম্যাচে উঠেছিল ৫১৭ রান। ভারত-ইংল্যান্ড ম্যাচের ৪৯৯ রান এই তালিকায় দ্বিতীয় স্থানে থাকল।

৯) টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ রান

টি-টোয়েন্টি বিশ্বকাপের কোনও ম্যাচে এত রান আগে হয়নি। আগের সর্বোচ্চ রানের ম্যাচে দুই প্রতিপক্ষ ছিল ইংল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকা। ২০১৬ সালের বিশ্বকাপে ওয়াংখেড়ে স্টেডিয়ামেই দু’দল মিলে করেছিল ৪৫৯ রান।

১০) জ্যাকব বেথেলের নজির

ভারতের বিরুদ্ধে ১০৫ রানের ইনিংস খেলেও ইংল্যান্ডকে জেতাতে পারেননি বেথেল। তবে গড়েছেন একটি রেকর্ড। টি-টোয়েন্টি বিশ্বকাপের নকআউট পর্বের ম্যাচে এটাই সর্বোচ্চ ব্যক্তিগত রানের নজির। আগের রেকর্ডটি ছিল নিউ জ়িল্যান্ডের ফিন অ্যালেনের। বুধবারই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১০০ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন নিউ জ়িল্যান্ডের ব্যাটার।

১১) তৃতীয় কনিষ্ঠতম বেথেল

বিশ্বের তৃতীয় কনিষ্ঠতম ক্রিকেটার হিসাবে তিন ধরনের ক্রিকেটে শতরান করার নজির গড়েছেন বেথেল। বৃহস্পতিবার তাঁর বয়স ছিল ২২ বছর ১৩৩ দিন। এই তালিকায় শীর্ষে রয়েছেন ব্রায়ান বেনেট। তিনি ২১ বছর ৩২৪ দিন বয়সে তিন ধরনের আন্তর্জাতিক ক্রিকেটে শতরান করেছিলেন। দ্বিতীয় স্থানে রয়েছেন আহমেদ শেহজ়াদ। তিনি ২২ বছর ১২৭ দিন বয়সে এই নজির গড়েছিলেন।

১২) দ্বিতীয় দ্রুততম বেথেল

ভারতের বিরুদ্ধে ৪৬ বলে শতরান পূর্ণ করেন বেথেল। টি-টোয়েন্টি বিশ্বকাপে দ্বিতীয় দ্রুততম শতরানের নজির গড়েছেন ইংল্যান্ডের তরুণ ব্যাটার। দ্রুততম গত বুধবার ইডেন গার্ডেন্সে করা অ্যালেনের ৩৩ বলের শতরান।

১৩) দ্রুততম বেথেল

বৃহস্পতিবার ১৯ বলে অর্ধশতরান পূর্ণ করেন বেথেল। এ বারের টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের হয়ে দ্রুততম অর্ধশতরান করার নজির গড়েছেন তিনি। টপকে গিয়েছেন উইল জ্যাকসকে। ইটালির বিরুদ্ধে উইলসের অর্ধশতরান এসেছিল ২১তম বলে।

১৪) সঞ্জু স্যামসনের নজির

ইংল্যান্ডের বিরুদ্ধে ৮৯ রানের ইনিংস খেলে বিরাট কোহলির নজির স্পর্শ করেছেন সঞ্জু। টি-টোয়েন্টি বিশ্বকাপের নক আউট ম্যাচে কোনও ভারতীয় ক্রিকেটারের সর্বোচ্চ রানের ইনিংসের নজির স্পর্শ করলেন তিনি। ২০১৬ সালের সেমিফাইনালে এই ওয়াংখেড়েতেই ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে কোহলি ৮৯ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন।

১৫) ছক্কার নজির

ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় ক্রিকেটারেরা ১৯টি ছয় মেরেছেন। টি-টোয়েন্টি বিশ্বকাপের এক ম্যাচে কোনও দলের সবচেয়ে বেশি ছয় মারার নজির স্পর্শ করেছে ভারত। ২০১৪ সালের বিশ্বকাপে আয়ারল্যান্ডের বিরুদ্ধে নেদারল্যান্ডস এবং এ বার জ়িম্বাবোয়ের বিরুদ্ধে ওয়েস্ট ইন্ডিজ়ও ১৯টি করে ছয় মেরেছিল।

১৬) জফ্রা আর্চারের লজ্জার নজির

বৃহস্পতিবার আর্চারের বলে ৭টি ছক্কা মেরেছে ভারতীয় দল। টি-টোয়েন্টি বিশ্বকাপের একটি ম্যাচে এটাই কোনও বোলারের সবচেয়ে বেশি ছক্কা খাওয়ার নজির। ২০০৭ সালে স্টুয়ার্ট ব্রড ভারতের বিরুদ্ধে এবং ২০১২ সালে জ়েভিয়ার দোহার্টি ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে সাতটি করে ছক্কা খেয়েছিলেন।

১৭) বরুণ চক্রবর্তীর লজ্জার নজির

ইংল্যান্ডের বিরুদ্ধে ৪ ওভার বল করে ৬৪ রান দেন বরুণ। টি-টোয়েন্টি আন্তর্জাতিকে এটাই ভারতের কোনও বোলারের দেওয়া সবচেয়ে বেশি রানের নজির।

১৮) সবচেয়ে বেশি বাউন্ডারি

ভারত-ইংল্যান্ড ম্যাচে ৭৩টি চার বা ছয় হয়েছে। টি-টোয়েন্টি বিশ্বকাপের কোনও ম্যাচে এতগুলি বাউন্ডারি হয়নি। টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেট ধরলে তৃতীয় সর্বোচ্চ। বৃহস্পতিবারের ম্যাচে ৩৬০ রান হয়েছে চার বা ছয় থেকে। ৪০ ওভারের মধ্যে শুধু চারটি ওভারে কোনও চার বা ছয় হয়নি।

১৯) ভারতের ছক্কার নজির

এ বারের টি-টোয়েন্টি বিশ্বকাপে এখনও পর্যন্ত ৮৮টি ছক্কা মেরেছেন ভারতীয় ক্রিকেটারেরা। কোনও টি-টোয়েন্টি প্রতিযোগিতা বা সিরিজ়ে আর কোনও দল এতগুলি ছয় মারতে পারেনি। বুলগেরিয়ার বিশ্বরেকর্ড ভেঙে দিয়েছেন সূর্যেরা। ২০২৫ সালে একটি ত্রিদেশীয় সিরিজ়ে ৭৮টি ছক্কা মেরেছিল বুলগেরিয়া। নতুন এই বিশ্বরেকর্ড আরও উন্নত করার সুযোগ ফাইনালে পাবে ভারতীয় দল।

Advertisement
আরও পড়ুন