Sunrisers Leeds

নতুন সমস‍্যায় সানরাইজার্স, আবরার! ইংল্যান্ডের লিগে পাক স্পিনারকে খেলানোর অনুমতি না-ও দিতে পারে পাক বোর্ড

পাকিস্তানের স্পিনার আবরার আহমেদকে নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। সানরাইজার্স লিডসের হয়ে তিনি ‘দ্য হান্ড্রেড’-এ না-ও খেলতে পারেন। পাক ক্রিকেটারকে নিয়ে নতুন অস্বস্তি কাব্য মারানদের।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৫ মার্চ ২০২৬ ১১:০১
picture of cricket

আবরার আহমেদ। ছবি: এক্স।

‘দ্য হান্ড্রেড’-এ সানরাইজার্স লিডসের হয়ে না-ও খেলতে পারেন আবরার আহমেদ। নিলামে তাঁকে প্রায় ২ কোটি ৩৪ লাখ দিয়ে কিনেছে কাব্য মারানের দল। ভারতীয় মালিকানাধীন সংস্থা পাক ক্রিকেটারকে দলে নেওয়ায় তীব্র বিতর্ক তৈরি হয়েছে। এ বার পাক ক্রিকেটারকে নিয়ে নতুন অস্বস্তি সান গোষ্ঠীর।

Advertisement

সানরাইজার্স হায়দরাবাদ কর্তৃপক্ষ ইংল্যান্ডের লিগে আবরারকে দলে নেওয়া ক্ষুব্ধ ভারতীয় ক্রিকেটপ্রেমীদের একাংশ। তাঁদের অভিযোগ, জাতীয় আবেগের বিরুদ্ধে গিয়ে আবরারকে কিনেছেন সানরাইজার্স কর্তৃপক্ষ। সমাজমাধ্যমে কটাক্ষের শিকার হতে হয়েছে কাব্যকেও। তীব্র কটাক্ষ, সমালোচনা শুরু হওয়ার পর সানরাইজার্স লিডসের সমাজমাধ্যমের অ্যাকাউন্ট সাসপেন্ড করে দেওয়া হয়। তার পরও আবরারকে দলে নেওয়ার কারণ ব্যাখ্যা করেছেন সানরাইজার্স লিডসের কোচ ড্যানিয়েল ভেট্টরি। বিদেশের প্রতিযোগিতায় কোনও হস্তক্ষেপ করতে রাজি হয়নি ভারতীয় ক্রিকেট বোর্ডও (বিসিসিআই)। তবু আবরারের খেলা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।

আবরারকে ‘দ্য হান্ড্রেড’-এ খেলার অনুমতি না-ও দিতে পারে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। একই সময় ওয়েস্ট ইন্ডিজ় সফর রয়েছে পাকিস্তানের। ১৫ জুলাই থেকে ৭ অগস্টের এই সফরে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে দু’টেস্টের সিরিজ় খেলবে পাকিস্তান। ‘দ্য হান্ড্রেড’ শুরু হবে ২১ জুলাই। শেষ হবে ১৬ অগস্ট। আবরারের মতো স্পিনারকে বাদ দিয়ে ওয়েস্ট ইন্ডিজ় সফরের দল তৈরি করতে রাজি নন পাকিস্তানের নির্বাচকেরা।

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে পিসিবির এক কর্তা বলেছেন, ‘‘মনে হয় আবরার দ্য হান্ড্রেড খেলবে না। একই সময় পাকিস্তানের টেস্ট সিরিজ় রয়েছে ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে। তবে অনেকগুলো টাকার ব্যাপার। আবরারের এজেন্ট দ্য হান্ড্রেড-এর নিলামে ওর নাম দিয়েছিলেন। আবরার হয়তো মনে করেছিল, বোর্ড ওকে খেলার অনুমতি দেবে। পিসিবি চেয়ারম্যান মহসিন নকভির সঙ্গে যে ক্রিকেটারদের সম্পর্ক ভাল, তাদের মধ্যে আবরার একজন। মনে হয় ব্যাপারটা এখন ৫০-৫০।’’

‘দ্য হান্ড্রেড’-এ খেলার জন্য আবরারের প্রয়োজন পিসিবির অনুমতি বা অনাপত্তিপত্র (এনওসি)। পিসিবি সূত্রে খবর, কর্তাদের সঙ্গে কথা বলেই নিলামের জন্য নাম নথিভুক্ত করিয়েছিলেন পাক স্পিনার। কিন্তু নিলাম পরবর্তী বিতর্কে পাক কর্তারা কিছুটা চিন্তিত। চাই ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে টেস্ট সিরিজ়ের কারণ দেখিয়ে আবরারকে ভারতীয় মালিকানাধীন সানরাইজার্স লিডসের হয়ে খেলার অনুমতি না-ও দিতে পারেন নকভিরা।

Advertisement
আরও পড়ুন