IPL 2026

আরও বড় হচ্ছে আইপিএল! ৭৪ ম্যাচের বদলে ৯৪ ম্যাচের ভাবনা, ১০ দল বেড়ে ১২, কোপ পড়বে দেশের খেলায়

আরও বড় হতে চলেছে আইপিএল। এ বার সব মিলিয়ে ৭৪টি ম্যাচ রয়েছে। এর পর তা বাড়িয়ে ৯৪ ম্যাচ করার ভাবনা নিয়েছে আইপিএলের গভর্নিং কাউন্সিল। বাড়তে চলেছে দলের সংখ্যাও।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০২ এপ্রিল ২০২৬ ২২:৫৩
cricket

আইপিএল ট্রফি। —ফাইল চিত্র।

চলতি আইপিএলের মাঝেই ভবিষ্যতের ভাবনা শুরু করে দিয়েছে গভর্নিং কাউন্সিল। আইপিএল আরও বড় করার ভাবনা নিয়েছে তারা। এ বার সব মিলিয়ে ৭৪টি ম্যাচ রয়েছে। এর পর তা বাড়িয়ে ৯৪ ম্যাচ করার ভাবনা নিয়েছে আইপিএলের গভর্নিং কাউন্সিল। বাড়তে পারে দলের সংখ্যাও।

Advertisement

আইপিএলের চেয়ারম্যান অরুণ ধূমল এই খবর দিয়েছেন। ‘ফিনান্সিয়াল টাইমস’-কে তিনি জানিয়েছেন, আইপিএলের জন্য আরও বেশি দিন রাখার চেষ্টা করছেন তাঁরা। ধূমল বলেন, “এখন মার্চের মাঝামাঝি থেকে মে-র শেষ পর্যন্ত সময় আছে। জুন মাস এলেই দক্ষিণ ভারতে বর্ষা চলে আসে। তাই পরে সময় বাড়ানোর সুযোগ কম। তাই আমাদের ভাবতে হচ্ছে।” আপাতত ২০২৭ সাল পর্যন্ত আইপিএল বড় হওয়ার সম্ভাবনা নেই। ধূমল বলেন, “৭৪ ম্যাচ বাড়িয়ে ৯৪ ম্যাচ করতে হলে আমাদের আরও ডবল-হেডার (দিনে দু’টি করে ম্যাচ) বাড়াতে হবে। তাতে সম্প্রচারকারীদের সমস্যা হতে পারে। ওদের কথাটাও তো ভাবতে হবে। তাই এ বারও আমরা ৭৪ ম্যাচই রেখেছি।”

ধূমল জানিয়েছেন, আইপিএল বড় করার জন্য কোপ পড়বে দ্বিপাক্ষিক সিরিজ়ে। তিনি বলেন, “২০২৭ সাল থেকে নতুন পর্যায় শুরু হলে আমরা বুঝতে পারব কত গুলো দ্বিপাক্ষিক সিরিজ় কমাতে পারব। তা হলে কিছুটা জায়গা পাওয়া যাবে। এখনই দলের সংখ্যা বাড়ানো হচ্ছে না। তবে দলের সংখ্যা ভবিষ্যতে বাড়তে পারে। এখন সব দল সব দলের বিরুদ্ধে দুটো করে ম্যাচ খেলে না। প্রতিটা দল হোম-অ্যাওয়ে ভিত্তিতে খেললেই ম্যাচের সংখ্যা বাড়বে।”

এখন বিশ্ব জুড়ে টি-টোয়েন্টি লিগের রমরমা। ধূমল জানিয়েছেন, অনেক দেশই দ্বিপাক্ষিক সিরিজ়ের সংখ্যা কমিয়ে দিয়েছে। কারণ, টি-টোয়েন্টি লিগের আর্থিক দিকটাও রয়েছে। ধূমল বলেন, “অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ়, সংযুক্ত আরব আমিরশাহি, সব দেশেই লিগ হচ্ছে। অনেক দেশ দ্বিপাক্ষিক সিরিজ়ের সংখ্যা কমিয়ে দিয়েছে। তাতে তারাও সময় পাচ্ছে। আমরাও আলোচনা করছি। দেখা যাক, কী হয়।”

২০২৭ সাল পর্যন্ত সূচি তৈরি রেখেছে আইসিসি। পরবর্তী সূচি তৈরির আগে তাঁরা বিশ্বক্রিকেটের নিয়ামক সংস্থার সঙ্গে কথা বলবেন বলে জানিয়েছেন ধূমল। আইপিএলের চেয়ারম্যান বলেন, “আমরা আলোচনা করব। কারণ, আইপিএলের প্রভাব শুধু ভারতীয় ক্রিকেটে নয়, গোটা বিশ্বের ক্রিকেটে পড়ছে। ক্রিকেটের ছবিটাই বদলে গিয়েছে। তাই এই লিগ আরও বড় করার প্রয়োজন পড়েছে। আমরা সেই বিষয়েই ভাবছি।”

Advertisement
আরও পড়ুন