IPL 2026

ক্যাচ নিতে গিয়ে মাথার পিছনে চোট এনগিডির, উঠেই দাঁড়াতে পারলেন না, অ্যাম্বুল্যান্সে করে নিয়ে যেতে হল হাসপাতালে

শনিবার ফিরোজ শা কোটলায় দিল্লি বনাম পঞ্জাব ম্যাচ চলাকালীন গুরুতর চোট পেলেন লুনগি এনগিডি। একটি ক্যাচ ধরতে গিয়ে মাথায় চোট পান তিনি। তাঁকে স্ট্রেচারে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৫ এপ্রিল ২০২৬ ১৮:১৭
cricket

এনগিডির চোট এবং অ্যাম্বুল্যান্সে করে মাঠের বাইরে নিয়ে যাওয়ার মুহূর্ত। ছবি: সমাজমাধ্যম।

শনিবার ফিরোজ শা কোটলায় দিল্লি বনাম পঞ্জাব ম্যাচ চলাকালীন গুরুতর চোট পেলেন লুনগি এনগিডি। একটি ক্যাচ ধরতে গিয়ে মাথায় চোট পান তিনি। তাঁকে স্ট্রেচারে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পরিবর্ত ক্রিকেটার হিসাবে মাঠে নেমেছেন দুষ্মন্ত চামিরা। গোটা ঘটনার জন্য প্রায় ১৫ মিনিট ম্যাচ বন্ধ থাকে।

Advertisement

ঘটনাটি ঘটে তৃতীয় ওভারের তৃতীয় বলে। অক্ষর পটেলের বল প্রিয়াংশ আর্য তুলে মেরেছিলেন। পিছনের দিকে ছুটতে ছুটতে ক্যাচ ধরতে যান এনগিডি। ক্যাচ ধরতে পারেননি। তবে খারাপ ভাবে মাটিতে পড়েন। তাঁর মাথা মাটিতে সজোরে ধাক্কা খায়। সঙ্গে সঙ্গে মাথা চেপে ধরে মাটিতে শুয়ে পড়েন তিনি।

পরিস্থিতি বুঝে মাঠেই চিকিৎসকদের ডেকে নেওয়া হয়। দূর থেকে দেখে মনে হয়েছে এনগিডি অচৈতন্য হয়ে গিয়েছেন। মাঝে এক বার তাঁকে চোখ খুলতে দেখা গেলেও পর ক্ষণেই তা বন্ধ করে দেন। পরে চিকিৎসায় সাড়া দিতে দেখা যায় তাঁকে। তখনই বোঝা গিয়েছিল এই ম্যাচ তাঁর খেলা সম্ভব নয়। কিন্তু চোট কতটা গুরুতর সেটা বোঝা যাচ্ছিল না।

এর পর মাঠে একটি অ্যাম্বুল্যান্স ঢুকতে দেখা যায়। এনগিডিকে তুলে নিয়ে যাওয়ার জন্য আনা হয় একটি স্ট্রেচার। তবে সঙ্গে সঙ্গে তোলা যায়নি। এনগিডির শরীর শক্ত হয়ে গিয়েছিল। কোনও মতে তাঁকে স্ট্রেচারে করে অ্যাম্বুল্যান্সে তোলা হয়। সেই সময় এনগিডিকে ঘিরে দাঁড়িয়ে ছিলেন তাঁর প্রোটিয়া সতীর্থ ট্রিস্টান স্টাবস, ডেভিড মিলারেরা। পঞ্জাবের কোচ রিকি পন্টিংকেও গম্ভীর মুখে মাঠে ঢুকতে দেখা যায়। এক সময় পঞ্জাবের দুই ওপেনার প্রিয়াংশ আর্য ও প্রভসিমরন সিংহ মাঠ ছেড়ে বেরিয়ে যেতে থাকেন। তবে খেলা বন্ধ করার কোনও ঘোষণা হয়নি। এনগিডিকে নিয়ে অ্যাম্বুল্যান্স মাঠ থেকে বেরিয়ে যাওয়ার পরেই খেলা আবার শুরু হয়।

Advertisement
আরও পড়ুন