নতুন কাজে ফিরছেন ঊষসী রায়। ছবি: সংগৃহীত।
‘গৃহপ্রবেশ’ ধারাবাহিক শেষ হয়েছে প্রায় তিন মাস হল। মার্চ মাসে শেষ বার ছোটপর্দায় দেখা গিয়েছিল অভিনেত্রী ঊষসী রায়কে। শোনা যাচ্ছে, এ বার নতুন ‘মিনি ওয়েব সিরিজ়’-এ দেখা যাবে তাঁকে। অরিজিৎ তোতোন চক্রবর্তী পরিচালিত এই নতুন সিরিজ়ে ঊষসীর সঙ্গে জুটিতে দেখা যাবে অভিনেতা রাহুল দেব বসুকে। সঙ্গে নাকি দেখা যাবে সৌম্য মুখোপাধ্যায়কেও।
শোনা যাচ্ছে, ইতিমধ্যেই শুটিং শুরু হয়ে গিয়েছে। অন্দরের খবর, থ্রিলারধর্মী নতুন সিরিজ়ের প্রযোজনার দায়িত্বে রয়েছে সুরিন্দর ফিল্মস্ এবং রোডশো ফিল্মস্। জ়ি ফাইভ-এর এই নতুন কাজ প্রসঙ্গে রাহুল এবং ঊষসীর সঙ্গে যোগাযোগ করা হয় আনন্দবাজার ডট কম-এর তরফে। রাহুল বললেন, “একটি সিরিজ়ের শুটিং করছি। কিন্তু এই বিষয়ে খুব বেশি কথা এখনই বলতে পারব না।”
সিরিজ়ে রয়েছেন রাহুল দেব বসু ও সৌম্য মুখোপাধ্যায়ও। ছবি: সংগৃহীত।
অভিনেত্রীর ঊষসীরও একই সুর। অভিনেত্রী বললেন, “হ্যাঁ, নতুন কাজ শুরু করেছি। দারুণ কাহিনি। রাহুলের সঙ্গে এই ভাবে সরাসরি প্রথম কাজ। কিন্তু এর চেয়ে বেশি কিছু এখনই বলতে পারব না।” সূত্র বলছে, কলকাতার বিভিন্ন অঞ্চল জুড়ে চলছে নতুন সিরিজ়ের শুটিং।
প্রসঙ্গত, রাহুলকেও একের পর এক বিভিন্ন ধরনের কাজে দেখছে দর্শক। সদ্য সৌরভ গঙ্গোপাধ্যায়ের জীবনীচিত্রের শুটিং শেষ করেছেন অভিনেতা। বেশ কিছু বিজ্ঞাপনী ছবিতে দেখা যাচ্ছে তাঁকে। অন্য দিকে সৌম্য পর পর অনেকগুলো ওয়েব সিরিজ়ে অভিনয় করেছেন।
ঊষসী কি আবার নতুন ধারাবাহিকের কাজ শুরু করছেন? অন্দরের আলোচনা, এখনই নতুন কোনও ধারাবাহিকে সই করেননি অভিনেত্রী। ছোটপর্দার কাহিনি শেষ হওয়ার পরে কিছু দিনের বিরতি নিয়েছেন ঊষসী। তবে ভাল কাজ এলে তিনি করতে রাজি। তাই সম্ভবত কয়েক মাস পরে আবার ছোটপর্দায় অভিনয়ে ফিরবেন অভিনেত্রী। যদিও এখনও তাঁর তরফে চূড়ান্ত কিছু জানানো হয়নি।