ব্রেন্ডন ম্যাকালাম। —ফাইল চিত্র।
ইংল্যান্ডের দলে সমস্যা বেড়েই চলেছে। কোচ ব্রেন্ডন ম্যাকালামকে পছন্দ করছেন না ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের কর্তারা। কিন্তু তার পরেও ম্যাকালামকে তাড়ানো যাচ্ছে না। কোচের পদে থেকে এখনই সরছেন না তিনি।
ইংল্যান্ডের দৈনিক ‘দ্য টেলিগ্রাফ’-এর খবর অনুযায়ী, ম্যাকালামের যা চুক্তি রয়েছে, তাতে এখনই তাঁকে সরাতে গেলে বিপুল অর্থের ক্ষতিপূরণ দিতে হবে বোর্ডকে। পাশাপাশি তাঁর বদলে যাঁকে কোচ করে আনা হবে, তাঁর জন্যও খরচ হবে। এই আর্থিক কারণেই সরানো হচ্ছে না ম্যাকালামকে। তবে তাঁর উপর চাপ বাড়ানো হবে। আগে যতটা স্বাধীনতা ম্যাকালাম পেতেন, আগামী দিনে তিনি তা পাবেন না বলে খবর।
জানা গিয়েছে, দলে তিনি সেই সব ক্রিকেটারদের পছন্দ করেন যাঁরা মদ্যপান ও ধূমপান করেন। সাজঘরে ফুরফুরে পরিবেশ রাখতে গিয়ে দলের শৃঙ্খলা বিঘ্নিত হচ্ছে। ক্রিকেটারেরা কোনও রকম শৃঙ্খলার মধ্যে থাকছেন না। তার প্রভাব খেলায় পড়ছে।
ম্যাকালামের বিরুদ্ধে আরও অভিযোগ, অনুশীলনের সময়ও রাত ৯টার পর পানশালায় দেখা যাচ্ছে ইংরেজ ক্রিকেটারদের। তাঁদের বাধা দেওয়া তো দূর, ম্যাকালাম নিজেও সঙ্গ দিচ্ছেন। এমনকি, অ্যাশেজ় সিরিজ়ের মাঝেও ইংল্যান্ডের ক্রিকেটারদের বিরুদ্ধে অতিরিক্ত মদ্যপানের অভিযোগ উঠেছে। তার তদন্তও হয়েছে।
এর মাঝেই ম্যাকালামের সঙ্গে ইংল্যান্ডের টেস্ট দলের অধিনায়ক বেন স্টোকসের ঝামেলার ঘটনা প্রকাশ্যে এসেছে। অ্যাশেজ়ের পর একটি পর্যালোচনার বৈঠক হয়েছিল। সেখানেই উঠে আসে, স্টোকস এবং ম্যাকালামে একে অপরের প্রতি বিরক্ত। এমনকি অ্যাশেজ়ে তাঁরা ঠিক করে নাকি কথাও বলেননি। স্টোকসের দাবি ছিল, বাজ়বল কী ভাবে আটকাতে হবে তা ধরে ফেলে বিপক্ষ দলগুলি। সেই দৃষ্টিভঙ্গি এ বার বদলাতে হবে। ম্যাকালাম অভিযোগ করেছিলেন, স্টোকসের নেতৃত্বে কোনও ধারাবাহিকতা নেই। তিনি কোচের দর্শন মেনে চলতে চান না।
ম্যাকালামের ধারণা, অ্যাশেজ়ের মাঝে অধিনায়কের ভুল বার্তা পেয়ে দলের ক্রিকেটারেরা আরও বেশি ধন্দে পড়ে গিয়েছিলেন। নিজেদের কাজটা কী সেটাই বুঝে উঠতে পারছিলেন না তাঁরা। এ কারণেই সিরিজ়ে নিজেদের সেরাটা দিতে পারেননি। স্টোকসের অভিযোগ, ক্রিকেটারদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকে বরাবর ছোট করে দেখার চেষ্টা করেছেন ম্যাকালাম।
এই মুহূর্তে অবশ্য সবই শান্ত। অ্যাশেজ়ের পর প্রকাশ্যে এসেছিল হ্যারি ব্রুকের মদ্যপান এবং বারে গিয়ে মারামারির ঘটনা। সেই ঘটনা যে ভাবে ম্যাকালাম সামলেছেন তার প্রশংসা করেছে ইংল্যান্ড বোর্ড। পাশাপাশি, ম্যাকালাম দলে গঠনগত পরিবর্তন আনতেও রাজি হয়েছে। বোর্ডের আরও বেশি নজরদারিতেও তাঁর আপত্তি নেই। পারফরম্যান্স ডিরেক্টর এড বার্নের কাজ বাড়ানো হয়েছে। সাপোর্ট স্টাফ বাড়ানোর পাশাপাশি ক্রিকেটারদের ফিটনেসের দিকেও বাড়তি নজর দেওয়া হবে।