মুকুলের (ডান দিকে) সঙ্গে পন্থ। ছবি: সমাজমাধ্যম।
বৃহস্পতিবার ইডেনে একার হাতে কলকাতার বিরুদ্ধে লখনউকে জিতিয়েছিলেন মুকুল চৌধরি। সেই ম্যাচে তাঁর ব্যাট থেকে একাধিক ‘হেলিকপ্টার শট’ দেখা গিয়েছে। তা দেখেই মহেন্দ্র সিংহ ধোনির কথা মনে পড়ে গিয়েছে ফাফ ডুপ্লেসির। তিনি প্রশংসা করেছেন লখনউয়ের ব্যাটারের।
কলকাতার বিরুদ্ধে ২৭ বলে ৫৪ করে অপরাজিত থাকেন মুকুল। সাতটি ছয় মেরেছেন। ম্যাচের পর ডুপ্লেসি জানান, শুধু শারীরিক শক্তি নয়, চাপের মুখে মাথা ঠান্ডা রাখাও মুকুলের বড় গুণ। ডুপ্লেসির কথায়, “যে ভাবে বুদ্ধি কাজে লাগিয়ে ম্যাচটা জেতাল তা দেখার মতো। গায়ের শক্তি কাজে লাগিয়ে অবিশ্বাস্য ব্যাট করল।”
ডুপ্লেসির সংযোজন, “ক্রিকেটের অসাধারণ একটা ম্যাচ দেখলাম, যেখানে বহু উত্থান-পতন হয়েছে। শেষ দিকে মোড় ঘুরে গিয়েছে। মুকুলের কিছু শট দেখে এমএস ধোনির কথা মনে পড়ে যাচ্ছিল। অতীতে এ ভাবেই অনায়াসে ছয় মারত ও।”
দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়কের মতে, এ ধরনের পারফরম্যান্স একটি দলের ভবিষ্যৎ নির্ধারণ করে দিতে পারে। এক লহমায় দলের আত্মবিশ্বাস বদলে দিতে পারে। ডুপ্লেসি বলেছেন, “মরসুমে মনে রাখার মতো ঘটনা খুব কম হয়। সেখানে এ রকম পারফরম্যান্স অনেক পার্থক্য গড়ে দেয়।”
ডুপ্লেসি মনে করেন, সহজ রান না নেওয়া, সুযোগ নষ্ট করার খেসারত দিচ্ছে কেকেআর। কিছুতেই ম্যাচ নিজেদের দিকে টানতে পারছে না। ৫০-৫০ সুযোগগুলি কেকেআরকে কাজে লাগাতে হবে বলে মনে করেন ডুপ্লেসি। পাশাপাশি রান রেট বাড়ানোর পরামর্শও দিয়েছেন তিনি।