IPL 2026

তিন দল পাকা, প্লে-অফের একটি জায়গার জন‍্য লড়াইয়ে পাঁচ দল, রয়েছে কেকেআরও, কার সামনে কী অঙ্ক

আইপিএলের প্লে-অফের তিনটি দল পাকা হয়ে গিয়েছে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, গুজরাত টাইটান্স ও সানরাইজ়ার্স হায়দরাবাদ প্লে-অফে উঠে গিয়েছে। আর একটি জায়গা ফাঁকা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৯ মে ২০২৬ ১৬:৩৯
cricket

আইপিএল ট্রফি। —ফাইল চিত্র।

সোমবার সানরাইজ়ার্স হায়দরাবাদ বনাম চেন্নাই সুপার কিংস ম্যাচের পর আইপিএলের প্লে-অফের তিন দল পাকা হয়ে গিয়েছে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, গুজরাত টাইটান্স ও সানরাইজ়ার্স হায়দরাবাদ প্লে-অফে উঠে গিয়েছে। আর একটি জায়গা ফাঁকা। মুম্বই ইন্ডিয়ান্স ও লখনউ সুপার জায়ান্টস আগেই প্লে-অফের দৌড় থেকে বিদায় নিয়েছে। অর্থাৎ, চতুর্থ দল হিসাবে প্লে-অফে ওঠার লড়াইয়ে রয়েছে পাঁচটি দল। তারা হল, পঞ্জাব কিংস, রাজস্থান রয়্যালস, চেন্নাই সুপার কিংস, দিল্লি ক্যাপিটালস ও কলকাতা নাইট রাইডার্স। তবে প্রত্যেকের সামনে আলাদা আলাদা অঙ্ক রয়েছে।

Advertisement

পঞ্জাব কিংস (১৩ ম্যাচে ১৩ পয়েন্ট)

ম্যাচ বাকি— লখনউ সুপার জায়ান্টস

পঞ্জাবের প্লে-অফে ওঠার সুযোগ নিজেদের হাতে নেই। শেষ ম্যাচে লখনউকে হারালে ১৫ পয়েন্টে শেষ করবে পঞ্জাব। কিন্তু রাজস্থান যদি পরের দুই ম্যাচ জেতে তা হলে তাদের পয়েন্ট হবে ১৬। কেকেআর দুই ম্যাচ জিতলে ১৫ পয়েন্ট হবে। ফলে পঞ্জাবকে নিজেদের ম্যাচ জেতার পাশাপাশি প্রার্থনা করতে হবে রাজস্থান ও কেকেআর একটি করে ম্যাচ হারে। তবেই ১৫ পয়েন্ট নিয়ে প্লে-অফে উঠবেন শ্রেয়স আয়ারেরা।

রাজস্থান রয়্যালস (১২ ম্যাচে ১২ পয়েন্ট)

ম্যাচ বাকি— লখনউ সুপার জায়ান্টস, মুম্বই ইন্ডিয়ান্স

রাজস্থানের প্লে-অফে ওঠার সুযোগ এখনও নিজেদের হাতে রয়েছে। পাঁচ দলের মধ্যে তারাই একমাত্র দল যাদের বাকি দুই ম্যাচ জিতলেই হবে। তা হলেই ১৬ পয়েন্ট নিয়ে প্লে-অফে উঠবে তারা। অন্য কারও দিকে তাকাতে হবে না। কিন্তু রাজস্থান একটি ম্যাচ হারলে চাপে পড়বে। সে ক্ষেত্রে তাদের পয়েন্ট হবে ১৪। তাদের টপকে যাওয়ার সম্ভাবনা রয়েছে পঞ্জাব ও কেকেআরের। একই পয়েন্টে থেকে নেট রানরেটে তাদের ছাপিয়ে যাওয়ার সুযোগ থাকবে চেন্নাই ও দিল্লিরও।

চেন্নাই সুপার কিংস (১৩ ম্যাচে ১২ পয়েন্ট)

ম্যাচ বাকি— গুজরাত টাইটান্স

শেষ ম্যাচ জিততেই হবে চেন্নাইকে। তা হলে ১৪ পয়েন্ট হবে তাদের। তবে সে ক্ষেত্রে তাদের অপেক্ষা করতে হবে কেকেআর, পঞ্জাব ও রাজস্থান অন্তত একটি করে ম্যাচ হারে। সে ক্ষেত্রে কেকেআর ও পঞ্জাবের পয়েন্ট হবে ১৩। রাজস্থানের পয়েন্ট হবে ১৪। দিল্লির পয়েন্টও ১৪ হতে পারে। তবে সে ক্ষেত্রে নেট রানরেটে প্লে-অফে ওঠার সম্ভাবনা থাকবে চেন্নাইয়ের।

দিল্লি ক্যাপিটালস (১৩ ম্যাচে ১২ পয়েন্ট)

ম্যাচ বাকি— কলকাতা নাইট রাইডার্স

শেষ ম্যাচে কেকেআরকে হারালে ১৪ পয়েন্ট হবে দিল্লির। তাদের নেট রানরেট খুব কম। ফলে পঞ্জাব, রাজস্থান ও চেন্নাইয়ের হারের প্রার্থনা করতে হবে তাদের। পঞ্জাব ও চেন্নাই একটি করে ম্যাচ ও রাজস্থান দু’টি ম্যাচ হারলে তবেই প্লে-অফে উঠতে পারবে দিল্লি।

কলকাতা নাইট রাইডার্স (১২ ম্যাচে ১১ পয়েন্ট)

ম্যাচ বাকি— গুজরাত টাইটান্স, দিল্লি ক্যাপিটালস

শেষ দুই ম্যাচে জিততে হবে কেকেআরকে। তা হলে ১৫ পয়েন্ট হবে তাদের। সে ক্ষেত্রে দিল্লি ও চেন্নাইকে টপকে যাবে তারা। সে ক্ষেত্রে কেকেআরকে প্রার্থনা করতে হবে রাজস্থানও অন্তত একটি ম্যাচ হারে। তা হলে রাজস্থানকেও টপকে যাবে কেকেআর। পঞ্জাব জিতলে কেকেআরের সঙ্গে পয়েন্ট সমান হলেও নেট রানরেটে শ্রেয়সেরা এগিয়ে। ফলে কেকেআর যদি দু’টি ম্যাচে বড় জয় পায়, বা পঞ্জাব শেষ ম্যাচ হারে তা হলে প্লে-অফে উঠবেন অজিঙ্ক রাহানেরা।

Advertisement
আরও পড়ুন