IPL 2026

একটি ভুলে কোহলিদের কাছে হার, বেঙ্গালুরু ম্যাচের পর আক্ষেপ গুজরাত অধিনায়ক শুভমনের, মানলেন একটি ব্যর্থতাও

পর পর দু’ম্যাচ হারলেও আশাবাদী শুভমন গিল। গুজরাত টাইটান্স অধিনায়কের আশা, ছোট ছোট ভুল শুধরে পরের ম্যাচেই ঘুরে দাঁড়াবে তাঁর দল।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৫ এপ্রিল ২০২৬ ১৬:৪৬
picture of cricket

শুভমন গিল। ছবি: পিটিআই।

ক্যাচ ফেলেই ম্যাচ হেরেছেন। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে হারের পর স্বীকার করে নিয়েছেন শুভমন গিল। বিরাট কোহলি প্রথম বলেই ক্যাচ দিয়েছিলেন। সেই সুযোগ কাজে লাগাতে পারেননি ওয়াশিংটন সুন্দর। বেঁচে যাওয়ার পর ৪৪ বলে ৮১ রানের ইনিংস খেলেন কোহলি।

Advertisement

শুক্রবার ম্যাচের পর শুভমন স্বীকার করে নিয়েছেন, কোহলির দেওয়া ক্যাচ ফেলে দেওয়াটাই গুরুত্বপূর্ণ হয়ে গিয়েছে। কাজে আসেনি সাই সুদর্শনের শতরান। শুভমন বলেছেন, ‘‘শূন্য রানে থাকা কোনও ব্যাটারের ক্যাচ ফেলে দিলে ফিল্ডিং করা দলের সমস্যা হবেই। সেই পরিস্থিতি থেকে লড়াইয়ে ফিরে আসাটা গুরুত্বপূর্ণ। আমরা সুযোগ পেয়েছিলাম। কাজে লাগাতে পারিনি। তা ছাড়া ওরা মাঝের ওভারগুলোয় দুর্দান্ত ব্যাট করেছে।’’

আইপিএলে টানা দু’ম্যাচ হেরে হতাশ শুভমন। প্রশংসা করেছেন সুদর্শনের ইনিংসের। গুজরাত অধিনায়ক বলেছেন, ‘‘সুদর্শন খুব ভাল খেলেছে। তবে শেষ দু’ম্যাচে ও যে ভাবে আউট হয়েছে, তাতে একটু হতাশ।’’ এর পর মজা করে বলেছেন, ‘‘আশা করব পরের ম্যাচে পাওয়ার প্লেতে আমাকে বেশি বল খেলার সুযোগ দেবে।’’

কোহলির ক্যাচ ছাড়া আর কোথায় সমস্যা হল? শুভমন বলেছেন, ‘‘ইনিংসের শেষ দিকে আমাদের আরও বেশি রান তোলা উচিত ছিল। ১৬ থেকে ১৯ ওভার আমরা কোনও বাউন্ডারি মারতে পারিনি। ফলে যতটা রান ওঠা উচিত ছিল, তা হয়নি। পাওয়ার প্লের শেষ দিকে আমরা বেশ ভাল জায়গায় ছিলাম। তা-ও যথেষ্ট রান করতে পারিনি আমরা।’’

শুভমন মনে করেন, তাঁর দলের লড়াইয়ে ফেরার ক্ষমতা রয়েছে। ছোট ছোট ভুলগুলি ঠিক করে নিতে পারলেই জয় আসবে। আগামী ম্যাচেই ভুল শুধরে নামতে চান তাঁরা।

Advertisement
আরও পড়ুন