ভারতের অনুশীলনে সূর্যকুমার যাদব। ছবি: পিটিআই।
টি২০ বিশ্বকাপে বৃহস্পতিবার ভারতের বিরুদ্ধে খেলতে নামবে নামিবিয়া। তার আগে আইসিসি-কে তোপ দাগল তারা। তাদের অভিযোগ, ভারতকে বাড়তি সুবিধা দেওয়া হচ্ছে। তাদের বক্তব্য, অনুশীলনের যে সূচি দেওয়া হয়েছে, তা নামিবিয়ার পক্ষে বেশ অসুবিধার।
নামিবিয়ার অধিনায়ক জেরার্ড ইরাসমাস জানিয়েছেন, তাঁর দলকে রাতে অনুশীলন করার কোনও সুযোগ দেওয়া হয়নি। সেখানে ভারত দু’দিন রাতে অনুশীলন করতে পেরেছে। তিনি বলেছেন, “এই ম্যাচের আগে এক দিনও রাতে অনুশীলন করার সুযোগ পাইনি। জানি না কেন। কিন্তু ভারতকে অন্তত দু’বার রাতে অনুশীলনের সুযোগ দেওয়া হয়েছে। এ বার আপনারা যা বোঝার বুঝে নিন।”
আসলে রাতের ম্যাচে খেলার অভিজ্ঞতা না থাকার জন্যই আপত্তি তুলেছে নামিবিয়া। ইরাসমাস বলেছেন, “নামিবিয়ার কোনও মাঠে ফ্লাডলাইট নেই। তাই আমরা দিন-রাতের বা রাতের ম্যাচ খেলে অভ্যস্ত নই।” ইরাসমাস জানিয়েছেন, তাঁর দেশের যে সব ক্রিকেটার নেপাল প্রিমিয়ার লিগ, আইএলটি২০ বা আগে বিশ্বকাপ খেলেছেন শুধু তাঁদেরই রাতে খেলার অভিজ্ঞতা রয়েছে।
অসুবিধা সত্ত্বেও দলের মানসিকতায় কোনও খামতি থাকবে না বলে প্রতিশ্রুতি দিয়েছেন ইরাসমাস। তিনি আমেরিকার উদাহরণ টেনেছেন, যারা সাম্প্রতিক কালে ভাল খেলে নজর কেড়েছে ক্রিকেটবিশ্বের। ইরাসমাস বলেছেন, “নামিবিয়ার নিজস্ব ঘরানাতেই মাতিয়ে দেব আমরা। লড়াই ছাড়ব না।”
ক্রিকেটারদের উদ্দেশে পরামর্শও দিয়েছেন ইরাসমাস। বলেছেন, “বল যে ভাবে আসবে সে ভাবে খেলো। মুহূর্তটা উপভোগ করো। যদি পরিস্থিতি, বিপক্ষ দল বা দর্শকদের দেখে বিহ্বল হয়ে যাও তা হলে রাতটা উপভোগই করতে পারবে না। আমরা যদি বর্তমানে থাকি এবং মন পরিষ্কার রাখি, তা হলে সাফল্যের সম্ভাবনা অনেক বেড়ে যাবে।”