Rohit Sharma And Hardik Pandya

ভারতীয় শিবিরে স্বস্তি! কোহলি খেলতে না পারলেও রোহিত-হার্দিককে অনুমতি বোর্ডের, খেলবেন আফগানিস্তান সিরিজ়ে

চোটের জন্য আফগানিস্তানের বিরুদ্ধে এক দিনের সিরিজ়ে খেলতে পারবেন না বিরাট কোহলি। তবে রোহিত শর্মা ও হার্দিক পাণ্ড্যকে খেলার অনুমতি দেওয়া হয়েছে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৯ জুন ২০২৬ ১৪:১৪
cricket

রোহিত শর্মা (বাঁ দিকে) ও হার্দিক পাণ্ড্য। —ফাইল চিত্র।

ছাড়পত্র পেয়েছেন রোহিত শর্মা ও হার্দিক পাণ্ড্য। আফগানিস্তানের বিরুদ্ধে এক দিনের সিরিজ়ে খেলতে পারবেন দুই ক্রিকেটার। ফলে কিছুটা হলেও স্বস্তি ভারতীয় দলে। চোটের কারণে আগেই সিরিজ় থেকে বাদ পড়েছেন বিরাট কোহলি। রোহিত, হার্দিক না থাকলে সমস্যা হত দলের। সেটা আপাতত হবে না।

Advertisement

আফগানিস্তানের বিরুদ্ধে এক দিনের সিরিজ়ের দল ঘোষণা করার সময়ই জানানো হয়েছিল, রোহিত ও হার্দিককে বেঙ্গালুরুতে বোর্ডের উৎকর্ষ কেন্দ্রে যেতে হবে। সেখানে ফিটনেস পরীক্ষা হবে দু’জনের। পাশ করলে তবেই আফগানিস্তান সিরিজ়ে খেলতে পারবেন তাঁরা।

সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে, রোহিতকে খেলার অনুমতি দেওয়া হয়েছে। অন্য দিকে সংবাদসংস্থা এএনআই হার্দিককে ছাড়পত্র দেওয়ার কথা জানিয়েছে। ফলে দুই ক্রিকেটারকেই পাওয়া যাবে আফগানিস্তান সিরিজ়ে।

আইপিএলের সময় চোট পেয়েছিলেন রোহিত ও হার্দিক। কয়েকটি ম্যাচে খেলতেও পারেননি তাঁরা। কিন্তু আপাতত সুস্থ তাঁরা। কোহলির মতো রোহিতও এখন শুধু এক দিনের ক্রিকেটই খেলেন। ২০২৭ সালের বিশ্বকাপ তাঁর লক্ষ্য। তার জন্য ধারাবাহিক ভাবে রান করতে হবে তাঁকে। সেই কারণে এই সিরিজ় রোহিতের কাছে গুরুত্বপূর্ণ।

১৩ জুন হবে প্রথম ম্যাচ। খেলা হবে ধর্মশালায়। ১৭ জুন লখনউ ও ২০ জুন চেন্নাইয়ে হবে বাকি দু’টি ম্যাচ।

আফগানিস্তান সিরিজ়ের দল— শুভমন গিল (অধিনায়ক), রোহিত শর্মা, শ্রেয়স আয়ার (সহ-অধিনায়ক), লোকেশ রাহুল, ঈশান কিশন, হার্দিক পাণ্ড্য, নীতীশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, অর্শদীপ সিংহ, প্রসিদ্ধ কৃষ্ণ, প্রিন্স যাদব, গুর্নুর ব্রার ও হর্ষ দুবে।

Advertisement
আরও পড়ুন