কলকাতা বিমানবন্দরে ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব। ছবি: পিটিআই।
শুক্রবারই কলকাতায় পৌঁছে গেল ভারত ও ওয়েস্ট ইন্ডিজ়। রবিবার এই শহরেই সুপার এইটের ম্যাচে মুখোমুখি হবে তারা। ইডেনে সেই ম্যাচের উপরেই নির্ভর করবে, দক্ষিণ আফ্রিকার পাশাপাশি এই গ্রুপ থেকে দ্বিতীয় দল হিসাবে কারা সেমিফাইনালে উঠবে।
আগেই জানা গিয়েছিল, ভারত ও ওয়েস্ট ইন্ডিজ় দুই দলই শুক্রবার কলকাতায় আসবে। আগে ভারতের আসার কথা ছিল। চেন্নাই থেকে বিমানে বিকেল সাড়ে ৪টে নাগাদ কলকাতায় আসার কথা ছিল সূর্যকুমার যাদবদের। কিন্তু শুক্রবার বেলা ১.২২ মিনিট নাগাদ কলকাতায় ভূমিকম্প অনুভূত হয়েছে। তার তীব্রতা ছিল রিখটার স্কেলে ৫.৫। সেই কারণে সূর্যদের বিমান অবতরণে দেরি হয়।
ভূমিকম্পের কারণে বিমানবন্দরের রানওয়ে বন্ধ করে দেওয়া হয়েছিল। আফটারশকের আশঙ্কা থাকায় তা কিছু ক্ষণ বন্ধ ছিল। আবার রানওয়ে খোলার পর বিমান অবতরণ শুরু হয়। যে বিমানে ভারতীয় দলের আসার কথা ছিল, তা নির্ধারিত সময়ের চেয়ে এক ঘণ্টা দেরিতে নামে।
অহমদাবাদ থেকে ওয়েস্ট ইন্ডিজ় দলও কলকাতায় এসেছে। তবে তাদের আশার কথা পরেই ছিল। ফলে ওয়েস্ট ইন্ডিজ়ের ক্রিকেটারেরা যে বিমানে ছিলেন, তা নির্ধারিত সময়েই অবতরণ করেছে। দুই দলই বাইপাসের ধারের দু’টি হোটেলে রয়েছেন।
শনিবার থেকে ইডেনে অনুশীলন করার কথা ভারত ও ওয়েস্ট ইন্ডিজ়ের। শুক্রবার কালীঘাট মন্দিরে যাওয়ার কথা ছিল ভারতীয় দলের অধিনায়ক গৌতম গম্ভীরের। কিন্তু বিমান অবতরণে দেরি হওয়ায় সেই সূচিতেও বদল হয়েছে। শনিবার কালীঘাট মন্দিরে পুজো দিতে যাবেন গম্ভীর।