ICC T20 World Cup 2026

ইটালির উলটপুরাণ! ক্রিকেটের সাফল্য দেখিয়ে ফুটবল দলকে উদ্দীপ্ত করতে চান, ইডেনে নামার আগে বললেন অধিনায়ক মাডসেন

খেলাধুলোর জগতে ইটালি পরিচিত ফুটবলখেলিয়ে দেশ হিসাবেই। চার বার বিশ্বকাপ জিতেছে তারা। প্রথম বার ক্রিকেট বিশ্বকাপ খেলতে নামার আগে উল্টো কথা শোনা গেল অধিনায়ক ওয়েন মাডসেনের মুখে। কী বললেন তিনি?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:৫৯
cricket

ইটালি ক্রিকেট দল। — ফাইল চিত্র।

খেলাধুলোর জগতে ইটালি পরিচিত ফুটবলখেলিয়ে দেশ হিসাবেই। চার বার বিশ্বকাপ জিতেছে তারা। তবে প্রথম বার ক্রিকেট বিশ্বকাপ খেলতে নামার আগে উল্টো কথা শোনা গেল অধিনায়ক ওয়েন মাডসেনের মুখে। তিনি জানালেন, ক্রিকেটের সাফল্য দেখিয়ে ফুটবল দলকে উদ্বুদ্ধ করতে চাইছেন তাঁরা।

Advertisement

২০০৬-এ শেষ বার বিশ্বকাপ জিতেছিল ইটালি। এর পর ২০১০ এবং ২০১৪-য় ছিটকে গিয়েছে গ্রুপ পর্ব থেকেই। ২০১৮ এবং ২০২২-এ যোগ্যতা অর্জন করতে পারেনি। এ বারও তাদের যোগ্যতা অর্জন পর্ব খেলতে হবে। অর্থাৎ ফুটবল বিশ্বকাপ এখনও নিশ্চিত নয়।

স্কটল্যান্ডের বিরুদ্ধে সোমবার ইডেনে খেলতে নামার আগে মাডসেন বলেছেন, “আশা করি আমরা ফুটবল দলকে বিশ্বকাপে খেলার জন্য উদ্বুদ্ধ করতে পারব। যদি এমন কোনও পারফরম্যান্স আমরা করতে পারি যা দেখে ওরা বিশ্বকাপে খেলার অনুপ্রেরণা পেতে পারে, তা হলে খুব ভালই হয়।”

বিশ্বকাপে প্রথম বার খেলতে নামলেও, ইটালি যে যথেষ্ট তৈরি হয়ে নামছে তা স্পষ্ট করে দিয়েছেন মাডসেন। বলেছেন, “চেন্নাইয়ে অনুশীলনের আগে দুবাইয়ে অনেকটা সময় কাটিয়েছি। আয়ারল্যান্ডের বিরুদ্ধে প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলেছি। তার পর প্রস্তুতি ম্যাচও খেলেছি। আমরা ভাল মতোই তৈরি। বিশ্বকাপে খেলার স্বপ্ন অনেক দিন ধরেই ছিল। এ বার মাঠে নামার পালা।”

ভারত ক্রিকেটপাগল দেশ। সেই দেশে প্রথম বার বিশ্বকাপ খেলতে নেমে আখেরে তাঁদের লাভই হবে বলে মনে করেন মাডসেন। তাঁর কথায়, “গত দু’সপ্তাহ ধরে এ দেশে খেলে অনেকটা আত্মবিশ্বাসী হয়েছি। এখানকার পরিবেশ দুর্দান্ত। ভারত ক্রিকেটপাগল দেশ। আমাদের কাছে এই দেশে এসে ক্রিকেট খেলা সম্মানের ব্যাপার। আমরা সময়টা উপভোগ করতে চাই। গোটা দলকে তেমনই বার্তা দেওয়া হয়েছে।”

Advertisement
আরও পড়ুন