কেকেআর দল। ছবি: সমাজমাধ্যম।
আইপিএলে এখনও জিততে পারেনি কেকেআর। পয়েন্ট তালিকায় সকলের নীচে তারা। তিনটি ম্যাচ হেরেছে, একটি ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গিয়েছে। মঙ্গলবার চেন্নাইয়ের বিরুদ্ধে প্রথম জয়ের লক্ষ্যে কেকেআর। তার আগের দিন দলের ব্যাটার ফিন অ্যালেন জানিয়ে দিলেন, দু’টি ম্যাচ দেখে তাদের বিচার করা উচিত নয়।
এ দিন অ্যালেন বলেছেন, “এটাই হল টি-টোয়েন্টি ক্রিকেটের চরিত্র। আমরা প্রতিটা ম্যাচ থেকে শিক্ষা নিয়েছি। সবে গোটাদুয়েক ম্যাচ হয়েছে। এখনই খুব বেশি বিচার করবেন না। ব্যক্তিগত ভাবে দুটো ম্যাচে আমার শুরুটা ভাল হয়েছিল। আরও বেশি রান করতে চেয়েছিলাম। তবে প্রস্তুতি ভালই হয়েছে। আশা করি বড় ইনিংস খুব একটা দূরে নেই।”
কী ভাবে ম্যাচ জেতা যাবে তা নিয়ে সতীর্থদের পরামর্শ দিয়েছেন কেকেআর ব্যাটার। অ্যালেনের কথায়, “যখন প্রত্যেকে সেরা ফর্মে রয়েছে এবং দ্রুত রান তুলতে পারছে, তখন ক্রিজ়ে জমে যাওয়ার ব্যাপারেও আলাদা করে নজর দিতে হবে। তবে কলকাতায় খেলার সময় সেই কাজ আমরা করতে পারিনি। হয়তো আবহাওয়ার জন্যই। যতটা পাটা পিচ হবে ভেবেছিলাম ততটা হয়নি। কী ভাবে ওই পিচে বড় রান তোলা যায় সেটা ভাবতে হবে।”
চেন্নাই ম্যাচের আগে কেকেআর শিবিরে ভাল খবর হল, অনুশীলন করছেন বরুণ চক্রবর্তী। তাঁর আঙুলের চোটও আগের থেকে ভাল জায়গায় আছে। অ্যালেন বলেছেন, “ও অনুশীলন করছে। ওর হাতে ব্যান্ডেজ় থাকা সত্ত্বেও অনুশীলন করে যাচ্ছে। এই ক’দিনও মাঠে নেমেছে। মনে হয় ভালই আছে।”
টি-টোয়েন্টিতে সাম্প্রতিক কালে নিউ জ়িল্যান্ডের হয়ে ভাল খেলেছেন অ্যালেনে। ইডেনে বিশ্বকাপে শতরান রয়েছে তাঁর। ক্রিকেটজীবনের উত্থানের নেপথ্যে কৃতিত্ব দিলেন শেন ওয়াটসনকে, যিনি কেকেআরের সহকারী কোচ।
অ্যালেন বলেছেন, “ওয়াটোর সঙ্গে কাজ করার অনেক অভিজ্ঞতা হয়েছে। প্রচুর জ্ঞান ওর। ব্যাটিং নিয়ে অনেক কথা বলা যায়। ঠান্ডা মাথার মানুষ। কোনও কিছু ঠিকঠাক না গেলে কী ভাবে আমাকে আগের জায়গায় নিয়ে আসতে হবে সেটা ও ভাল জানে। আমি নিজের নির্দিষ্ট পদ্ধতি নিয়েই কাজ করছি এবং ধারাবাহিকতা বজায় রাখার চেষ্টা করছি। প্রতিটা ম্যাচে একই মানসিকতা নিয়ে নামছি।”