IPL 2026

শেষ ম্যাচে নামার আগে ধাক্কা খেল কেকেআর, আইপিএল থেকে ছিটকে গেলেন ৪২২ রান করা ক্রিকেটার

আইপিএলে রবিবার দিল্লির বিরুদ্ধে গ্রুপের শেষ ম্যাচ খেলতে নামবে কেকেআর। তার দু’দিন আগে ধাক্কা খেল তারা। আইপিএল থেকে ছিটকে গেলেন উইকেটকিপার-ব্যাটার।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২২ মে ২০২৬ ২২:০৫
cricket

কেকেআর দল। — ফাইল চিত্র।

আইপিএলে রবিবার দিল্লির বিরুদ্ধে গ্রুপের শেষ ম্যাচ খেলতে নামবে কেকেআর। তার দু’দিন আগে ধাক্কা খেল তারা। আইপিএল থেকে ছিটকে গেলেন উইকেটকিপার-ব্যাটার অঙ্গকৃশ রঘুবংশী। শুক্রবার এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে। তাঁর বাঁ হাতের আঙুলে চিড় ধরেছে বলে জানানো হয়েছে।

Advertisement

আগের ম্যাচে মুম্বইয়ের বিরুদ্ধে উইকেটকিপিং করেছিলেন অঙ্গকৃশ। ১১তম ওভারে তিলক বর্মার মারা শটে ক্যাচ ধরতে গিয়ে সতীর্থ বরুণ চক্রবর্তীর সঙ্গে সঙ্ঘর্ষ হয় তাঁর। দু’জনেই মাটিতে লুটিয়ে পড়েন। বরুণের হাত থেকে ক্যাচটিও পড়ে যায়। তার পর প্রাথমিক চিকিৎসা নিয়ে আবার উইকেটকিপিং শুরু করলেও বেশি ক্ষণ টানতে পারেননি অঙ্গকৃশ। ১৪তম ওভারে তিনি মাঠ ছেড়ে বেরিয়ে যান। ‘কনকাশন পরিবর্ত’ হিসাবে মাঠে নামেন তেজস্বী দাহিয়া।

২১ বছরের অঙ্গকৃশ এই মুহূর্তে কেকেআরের সর্বোচ্চ রানশিকারী। তিনি ৪২২ রান করেছেন ১৩টি ম্যাচ। স্ট্রাইক রেটও ১৫০-র কাছাকাছি। পাঁচটি অর্ধশতরান রয়েছে। অনেক ম্যাচেই কেকেআরকে উতরে দিয়েছে তাঁর ইনিংস। কেকেআরকে প্লে-অফের আশা বাঁচিয়ে রাখতে গেলে দিল্লিকে হারাতেই হবে। এই অবস্থায় অঙ্গকৃশের চোট নিঃসন্দেহে দলের কাছে বড় ধাক্কা।

Advertisement
আরও পড়ুন