IPL 2026

ক্রাচ নিয়ে হাঁটছেন, বোর্ডের পুরস্কার নিতে উঠতেই পারলেন না মঞ্চে! কেকেআর ঘোষণা না করলেও হর্ষিতের আইপিএল কার্যত শেষ

কেকেআর এখনও জানায়নি, আইপিএলে হর্ষিত রানা খেলতে পারবেন কি না। কিন্তু তাঁর চোটের যা হাল, তাতে খেলার সম্ভাবনা প্রায় নেই।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৬ মার্চ ২০২৬ ১৪:২২
cricket

হর্ষিত রানা। —ফাইল চিত্র।

হর্ষিত রানা কতটা সুস্থ, তা নিয়ে কলকাতা নাইট রাইডার্সের সমর্থকদের মধ্যে জল্পনার শেষ নেই। কেকেআর এখনও জানায়নি, আইপিএলে হর্ষিত খেলতে পারবেন কি না। কিন্তু তাঁর চোটের যা হাল, তাতে খেলার সম্ভাবনা প্রায় নেই। কেকেআরকে বিকল্প ক্রিকেটার খুঁজতেই হবে।

Advertisement

রবিবার ভারতীয় ক্রিকেট বোর্ডের একটি অনুষ্ঠানে গিয়েছিলেন হর্ষিত। গত বছর পুরুষদের ক্রিকেটে সেরা অভিষেক হওয়া ক্রিকেটারের পুরস্কারও পান তিনি। কিন্তু চেয়ার ছেড়ে মঞ্চে উঠতে পারেননি হর্ষিত। আইপিএলের চেয়ারম্যান অরুণ ধূমল নিজে মঞ্চ থেকে নেমে হর্ষিতের কাছে গিয়ে তাঁর হাতে পুরস্কার তুলে দেন।

হর্ষিতের আরও একটি ভিডিয়ো সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, ক্রাচ নিয়ে হাঁটছেন হর্ষিত। ভারতীয় বোর্ডের সেই অনুষ্ঠানে গেলেও হাঁটতে কষ্ট হচ্ছিল পেসারের। ডান হাতে ক্রাচ নিয়ে কোনও রকমে হাঁটছিলেন হর্ষিত। তাঁর হাঁটতে যাতে সমস্যা না হয়, তার জন্য সামনের ভিড় সরিয়ে দিচ্ছিলেন নিরাপত্তারক্ষীরা।

আইপিএল শুরু হতে আর দু’সপ্তাহও বাকি নেই। হর্ষিত তো হাঁটতেই পারছেন না। বল করার জন্য দৌড়াতে হবে। সেই ফিটনেস পেতে এখনও বেশ কিছু দিন সময় লাগবে তাঁর। তার পর তো মাঠে নামতে পারবেন পেসার। কেকেআর কিছু না জানালেও বোঝা যাচ্ছে, হর্ষিত এ বারের আইপিএলে খেলতে পারবেন না।

দল সরকারি ভাবে কিছু না জানালেও কেকেআরের এক সূত্র ইতিমধ্যেই সমাজমাধ্যমে জানিয়েছেন, হর্ষিতকে আইপিএল-এ পাওয়া যাবে না। কেকেআরের পেস আক্রমণ সমস্যায় রয়েছে। মুস্তাফিজুর রহমানের পরিবর্তে ব্লেসিং মুজারাবানিকে সই করানো হয়েছে। এ বার হর্ষিতের পরিবর্তে আকাশ মাধোয়াল, সিমরজিৎ সিংহ, চেতন সাকারিয়াদের দিকে নজর রয়েছে কলকাতার। এখন দেখার, কবে হর্ষিতের পরিবর্ত ক্রিকেটারের নাম ঘোষণা করে শাহরুখ খানের দল।

Advertisement
আরও পড়ুন