IPL 2026

আকাশদীপের পরিবর্ত পেয়ে গেল কেকেআর, ভারতের হয়ে এশিয়া কাপে খেলা পেসার যোগ দিচ্ছেন শাহরুখের দলে

পিঠের চোটে আইপিএল থেকে ছিটকে গিয়েছেন আকাশদীপ। তাঁর পরিবর্তে এক বাঁহাতি পেসারকে নিচ্ছে কেকেআর। ইতিমধ্যেই কলকাতা শিবিরে যোগ দিয়েছেন তিনি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৩ মার্চ ২০২৬ ১০:৩৭
cricket

আকাশদীপ। —ফাইল চিত্র।

একের পর এক পরিবর্ত বেছে নিতে হচ্ছে কলকাতা নাইট রাইডার্সকে। প্রথমে মুস্তাফিজুর রহমানের বদলে ব্লেসিং মুজ়ারাবানিকে সই করিয়েছিল তারা। এ বার আকাশদীপের পরিবর্ত পেয়ে গেল কেকেআর। পিঠের চোটে আইপিএল থেকে ছিটকে গিয়েছেন আকাশদীপ। আপাতত বেঙ্গালুরুতে সেন্টার অফ এক্সেলেন্সে সুস্থ হচ্ছেন তিনি। তাঁর পরিবর্তে এক বাঁহাতি পেসারকে নিচ্ছে কেকেআর। ইতিমধ্যেই কলকাতা শিবিরে যোগ দিয়েছেন তিনি।

Advertisement

আকাশদীপের পরিবর্তে বিদর্ভের পেসার সৌরভ দুবেকে নিচ্ছে কেকেআর। এখনও আনুষ্ঠানিক ঘোষণা না করলেও ‘ক্রিকবাজ়’ জানিয়েছে, ইতিমধ্যেই কলকাতা এসে অনুশীলন শুরু করেছেন ২৮ বছরের এই বাঁহাতি পেসার।

আইপিএলে এখনও অভিষেক না হলেও আইপিএলের দলের থাকার অভিজ্ঞতা রয়েছে সৌরভের। ২০২২ সালের আইপিএলে ২০ লক্ষ টাকা দিয়ে তাঁকে কিনেছিল সানরাইজ়ার্স হায়দরাবাদ। অর্থাৎ, প্যাট কামিন্সের মতো পেসারকে কাছ থেকে দেখেছেন তিনি। এ বারের নিলামে সৌরভের ন্যূনতম মূল্য ছিল ৩০ লক্ষ টাকা। কেউ কেনেনি তাঁকে। শেষ পর্যন্ত আকাশদীপের পরিবর্ত হিসাবে সুযোগ পাচ্ছেন তিনি।

ঘরোয়া ক্রিকেটে বিদর্ভের হয়ে খেলেন সৌরভ। আটটি প্রথম শ্রেণির ম্যাচ খেলে ১৬ উইকেট নিয়েছেন তিনি। নতুন বলে সুইং করাতে পারেন সৌরভ। পাশাপাশি ভারতীয় দলে খেলারও অভিজ্ঞতা রয়েছে তাঁর। ২০১৯ সালে ভারতের এমার্জিং এশিয়া কাপের দলে ছিলেন সৌরভ। প্রথম ম্যাচে নেপালের বিরুদ্ধে ২৬ রান দিয়ে ৪ উইকেট নিয়ে ম্যাচের সেরা হয়েছিলেন। সেই প্রতিযোগিতায় তিন ম্যাচে ৭ উইকেট নিয়েছিলেন সৌরভ।

আকাশদীপের পরিবর্ত হিসাবে সৌরভকে নেওয়া হলে আরও একটি সমস্যা মিটবে কেকেআরের। মুস্তাফিজুর চলে যাওয়ায় দলে বাঁহাতি পেসারের অভাব তৈরি হয়েছিল। সেই অভাব মেটাতে পারবেন সৌরভ। তবে এখনও হর্ষিত রানার পরিবর্ত নেয়নি কেকেআর। আর এক পেসার মাথিশা পাথিরানার জন্যও অপেক্ষা করছে শাহরুখ খানের দল। সোম ও মঙ্গলবার তাঁর ফিটনেস পরীক্ষা হওয়ার কথা। তার পরেই পাথিরানাকে আইপিএলে খেলার অনুমতি দেওয়া হবে কি না, সেই সিদ্ধান্ত নেবে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। যদি পাথিরানা খেলতে না পারেন, তা হলে আরও একটি পরিবর্ত খুঁজতে হবে কেকেআরকে।

Advertisement
আরও পড়ুন