Mustafizur Rahman Controversy

মুস্তাফিজুর নিয়ে প্রথম প্রতিক্রিয়া জানাল কেকেআর, বাংলাদেশি পেসারকে কেনার ৯.২০ কোটি টাকা দিয়ে কী করবেন শাহরুখ?

ভারতীয় বোর্ডের নির্দেশ পাওয়ার পরই মুস্তাফিজুর রহমানকে নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ করেছেন কেকেআর কর্তৃপক্ষ। কয়েক ঘণ্টার মধ্যে প্রতিক্রিয়া জানাল শাহরুখ খানের দল।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৩ জানুয়ারি ২০২৬ ১৪:৫৮
picture of cricket

(বাঁ দিক থেকে) মুস্তাফিজুর রহমান, আইপিএল ট্রফি এবং শাহরুখ খান। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

বাংলাদেশের জোরে বোলার মুস্তাফিজুর রহমানকে দলে রাখা যাবে না। শনিবার সকালেই ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এই নির্দেশ দেয় কলকাতা নাইট রাইডার্সকে। বোর্ডের নির্দেশ পাওয়ার পর সরকারি ভাবে প্রতিক্রিয়া জানাল শাহরুখ খানের কেকেআর। একই সঙ্গে প্রশ্ন তৈরি হয়েছে, মুস্তাফিজুরকে ছেড়ে দিতে হলে কেকেআরের আর্থিক ক্ষতি হবে কিনা?

Advertisement

বোর্ডের নির্দেশের পেক্ষিতে একটি বিবৃতি প্রকাশ করেছেন কেকেআর কর্তৃপক্ষ। শিরোনামে লেখা হয়েছে, ‘‘কলকাতা নাইট রাইডার্স- দলের আপডেট।’’ মূল বিবৃতিতে লেখা হয়েছে, ‘‘কলকাতা নাইট রাইডার্স নিশ্চিত করছে, আইপিএলের নিয়ন্ত্রক সংস্থা বিসিসিআই আসন্ন মরসুমের আগে মুস্তাফিজুর রহমানকে দল থেকে ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছে। ভারতীয় বোর্ডের নির্দেশ এবং পরামর্শ মেনে যথাযথ প্রক্রিয়ায় তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে। আইপিএলের নিয়ম অনুযায়ী, বিসিসিআই এক জন পরিবর্ত খেলোয়াড় নেওয়ার অনুমতি দেবে কলকাতা নাইট রাইডার্সকে। এ ব্যাপারে বিস্তারিত তথ্য সময় মতো জানানো হবে।’’ কেকেআর কর্তৃপক্ষ জানিয়েছেন, বোর্ডের নির্দেশ পাওয়ার পরই তাঁরা প্রয়োজনীয় পদক্ষেপ করেছেন। দল থেকে বাদ দেওয়া হয়েছে বাংলাদেশের অভিজ্ঞ বাঁহাতি জোরে বোলারকে। ফলে কেকেআরের ক্রিকেটার সংখ্যা ২৫ থেকে কমে হল ২৪।

শনিবার সকালে বিসিসিআই সচিব দেবজিৎ শইকীয়া জানান, ‘‘সাম্প্রতিক ঘটনাবলীর কারণে বিসিসিআই আইপিএলের অন্যতম ফ্র্যাঞ্চাইজ়ি কেকেআরকে একটি নির্দেশ দিয়েছে। বাংলাদেশের ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কেকেআর পরিবর্ত ক্রিকেটার নিতে চেয়ে আবেদন করলে বোর্ড তাদের অনুমতি দেবে।’’

আইপিএলের নিলামে ৯ কোটি ২০ লক্ষ টাকা দিয়ে মুস্তাফিজুরকে কিনেছিলেন কেকেআর কর্তৃপক্ষ। তাঁকে ছেড়ে দিতে হওয়ায় কি আর্থিক ক্ষতি হবে কেকেআর কর্তৃপক্ষের? এই প্রশ্ন তৈরি হয়েছে বোর্ডের নির্দেশ জানাজানি হওয়ার পর।

নিয়ম অনুযায়ী, কেকেআরে কোনও আর্থিক ক্ষতি হবে না। প্রথমত, আইপিএল শুরুর আগে ছেড়ে দেওয়া হয়েছে বাংলাদেশের ক্রিকেটারকে। দ্বিতীয়ত, মুস্তাফিজুরকে ছেড়ে দিতে হচ্ছে সম্পূর্ণ অক্রিকেটীয় কারণে। যা কেকেআর কর্তৃপক্ষের নিয়ন্ত্রণে নেই। শাহরুখের দল পুরো ৯ কোটি ২০ লক্ষ টাকা ব্যবহার করতে পারবে পরিবর্ত ক্রিকেটার নেওয়ার জন্য।

তা ছাড়া চুক্তির শর্ত অনুযায়ী, মুস্তাফিজুরকে কোনও টাকা দিতে হবে না কেকেআর কর্তৃপক্ষকে। দলগুলির নিয়ন্ত্রণে নেই এমন ব্যতিক্রমী অক্রিকেটীয় কারণে কোনও ক্রিকেটারকে ছেড়ে দিতে হলে, সংশ্লিষ্ট দলের চুক্তি রক্ষার কোনও বাধ্যবাধকতা থাকে না। মুস্তাফিজুরকে দল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত কেকেআরের নয়। তারা শুধু বিসিসিআইয়ের সিদ্ধান্ত কার্যকর করেছে। তাই কোনও আর্থিক ক্ষতি স্বীকার করতে হবে না শাহরুখের দলকে।

Advertisement
আরও পড়ুন