IPL 2026

আইপিএলের চার দিন আগে সহ-অধিনায়ক বেছে নিল কেকেআর, নেতৃত্ব দেওয়ার কোনও অভিজ্ঞতা না থাকা ক্রিকেটারকেই দায়িত্ব দিলেন শাহরুখেরা

জাতীয় স্তরের কোনও ক্রিকেটেই নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা নেই রিঙ্কু সিংহের। তবু তাঁকেই আসন্ন মরসুমের জন্য সহ-অধিনায়ক করলেন কেকেআর কর্তৃপক্ষ।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৪ মার্চ ২০২৬ ২০:৩৫
picture of cricket

শাহরুখ খান। —ফাইল চিত্র।

আইপিএল শুরুর চার দিন আগে ভবিষ্যতের নেতা বেছে ফেলল কলকাতা নাইট রাইডার্স। দলের সহ-অধিনায়ক হিসাবে বেছে নেওয়া হল রিঙ্কু সিংহকে। দলের প্রস্তুতি ম্যাচগুলিতে নেতৃত্ব দিচ্ছিলেন রিঙ্কু। তাঁর নেতৃত্ব পছন্দ হয়েছে কেকেআর কর্তৃপক্ষের।

Advertisement

আসন্ন আইপিএলে কেকেআরকে নেতৃত্ব দেবেন অজিঙ্ক রাহানেই। কয়েক দিন আগেই কেকেআর জানিয়ে দিয়েছে, গত বারের অধিনায়কের উপর এ বারও আস্থা রাখছে দল। তবে গত বারের সহ-অধিনায়ক বেঙ্কটেশ আয়ারকে এ বার দলে রাখেনি কেকেআর। তাই নতুন সহ-অধিনায়ক কে হবেন, তা নিয়ে আগ্রহ ছিল সমর্থকদের মধ্যে। মঙ্গলবার রিঙ্কুকে সহ-অধিনায়ক হিসাবে বেছে নেওয়ার কথা জানিয়ে দিলেন কেকেআর কর্তৃপক্ষ।

ইডেন গার্ডেন্সে কেকেআরের প্রস্তুতি ম্যাচগুলিতে কয়েক দিন ধরে নেতৃত্ব দিচ্ছিলেন রিঙ্কু। একটি দলের অধিনায়ক করা হয় তাঁকে। অন্য দলের নেতৃত্বে ছিলেন রাহানে। প্রস্তুতি ম্যাচে রিঙ্কুর নেতৃত্ব খুশি করে অভিষেক নায়ারদের। ভারতীয় দলের ব্যাটারের আগ্রাসী মেজাজের প্রশংসা করেন একাধিক সাপোর্ট স্টাফও। তা থেকে মনে করা হয়েছিল দলের কর্ণধার শাহরুখ খানের প্রিয় রিঙ্কুকেই সহ-অধিনায়ক করা হতে পারে। উল্লেখ্য, আগে জাতীয় স্তরের কোনও ক্রিকেটেই নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা নেই রিঙ্কুর।

মনে করা হচ্ছে, ভবিষ্যতের নেতা হিসাবে বেছে নেওয়া হয়েছে ২৮ বছরের রিঙ্কুকে। রাহানের অধীনে অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবেন টি-টোয়েন্টি ক্রিকেটে ভারতের অন্যতম সেরা ফিনিশার। তাতে ভবিষ্যতে তাঁকে অধিনায়ক করা সহজ হবে। ২০১৮ সাল থেকে কেকেআরের হয়ে খেলছেন রিঙ্কু।

Advertisement
আরও পড়ুন