Fakhar Zaman

শাস্তি মকুবের আর্জি জানিয়েও লাভ হল না, পিএসএলের দু’টি ম্যাচ খেলতে পারবেন না ফখর

শাস্তি কমল না ফখর জ়মানের। তাঁর শাস্তি মকুবের আর্জি খারিজ হয়ে গেল পাকিস্তান সুপার লিগের টেকনিক্যাল কমিটিতে। বল বিকৃতির ঘটনায় কঠোর মনোভাব পাকিস্তান ক্রিকেট বোর্ডের।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৩ এপ্রিল ২০২৬ ১২:৪৫
picture of cricket

ফখর জ়মান। —ফাইল চিত্র।

শাস্তি কমানোর আর্জি জানিয়েও রেহাই পেলেন না ফখর জ়মান। পাকিস্তানের জাতীয় দলের ব্যাটারের সাসপেনশন বহাল রাখলেন পাকিস্তান সুপার লিগ (পিএসএল) কর্তৃপক্ষ। লাহৌর কলন্দর্সের হয়ে পিএসএলের দু’টি ম্যাচ খেলতে পারবেন না ফখর। তাঁর বিরুদ্ধে বল বিকৃতির অভিযোগ প্রমাণিত হয়েছে।

Advertisement

ফখরের শাস্তি বহাল রাখার কথা জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। নানা বিতর্কে জর্জরিত পিসিবি কর্তারা এ ক্ষেত্রে কঠোর মনোভাব নিয়ে চলতে চাইছেন। সেই মতো পিএসএলের টেকিক্যাল কমিটির সদস্যেরা পুরো ঘটনা খতিয়ে দেখে ম্যাচ রেফারি রোশন মহানামার শাস্তির সিদ্ধান্তই বহাল রেখেছেন। ফলে লাহৌর কলন্দর্সের হয়ে পিএসএলের দু’টি ম্যাচ খেলতে পারবেন না ফখর।

পিসিবি এক বিবৃতিতে বলেছে, ‘‘সমস্ত প্রমাণ পর্যালোচনা করা হয়েছে। বিষয়টির সঙ্গে যুক্ত সব পক্ষের বক্তব্য শোনা হয়েছে। সব কিছুর পর টেকনিক্যাল কমিটি ফখর জ়মানের শাস্তি বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে। আচরণবিধি অনুসারে পিএসএল টেকনিক্যাল কমিটির যে কোনও সিদ্ধান্তই এই বিষয়ে চূড়ান্ত এবং সঠিক বলে গণ্য করা হবে। সংশ্লিষ্ট সকলে সিদ্ধান্ত মেনে চলতে বাধ্য।’’

পিএসএলের লাহৌর কলন্দর্স বনাম করাচি কিংস ম্যাচে বল বিকৃতির অভিযোগ ওঠে। জয়ের জন্য শেষ ওভারে করাচির দরকার ছিল ১৪ রান। সেই ওভার শুরুর আগে লাহৌরের অধিনায়ক শাহিন আফ্রিদি, হ্যারিস রউফ এবং ফখর একসঙ্গে আলোচনা করছিলেন। তাঁদের কাছেই ছিল বল। বলটি নিয়ে তাঁরা একে অপরকে দিচ্ছিলেন। সকলেই হাতের তালুতে লুকিয়ে রাখছিলেন বল। বিষয়টি দেখে সন্দেহ হয় ম্যাচের অন্যতম আম্পায়ার ফয়জ়ল আফ্রিদির। তিনি বল চেয়ে নেন। অন্য আম্পায়ার শরফুদ্দৌলার সঙ্গে আলোচনা করেন। বল দেখে তাঁদের মনে হয়, সেটি বিকৃত করা হয়েছে। দুই আম্পায়ার বল পরিবর্তন করেন এবং করাচিকে ৫ রান দেন পেনাল্টি হিসাবে। এই ঘটনার রিপোর্ট ম্যাচ রেফারি মহানামাকে দেন দুই আম্পায়ার।

রিপোর্টের ভিত্তিতে ঘটনার ফুটেজ দেখে মহানামা শুনানিতে ডেকে পাঠান ফখরকে। সেখানে নিজেকে নির্দোষ বলে দাবি করেন পাক ব্যাটার। তাঁর বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেন।তা-ও মহানামা তাঁকে পিএসএলের আচরণবিধির ২.১৪ ধারা অনুযায়ী ‘লেভেল থ্রি’ অপরাধে দোষী সাব্যস্ত করেন। তাঁকে দু’টি ম্যাচের জন্য নিলম্বিত (সাসপেন্ড) করেন মহানামা। পিএসএল টেকনিক্যাল কমিটির কাছে এই শাস্তি মকুবের আর্জি জানিয়ে ছিলেন ফখর।

Advertisement
আরও পড়ুন