IPL 2026

কলকাতাকে হারানোর পর দুঃসংবাদ লখনউয়ে, আইপিএলে একটিও ম্যাচ না খেলেই ছিটকে গেলেন ২ কোটির অলরাউন্ডার

আগামী ৪৮ ঘণ্টার মধ্যে পরিবর্ত ক্রিকেটার বেছে নিতে পারেন লখনউ কর্তৃপক্ষ। এগিয়ে রয়েছেন দক্ষিণ আফ্রিকার ৩৪ বছরের অলরাউন্ডার জর্জ লিন্ডে। গত টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে ছিলেন তিনি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১০ এপ্রিল ২০২৬ ১০:৫৭
picture of cricket

লখনউ সুপার জায়ান্টস দল। ছবি: পিটিআই।

কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে জয়ের পরই দুঃসংবাদ লখনউ সুপার জায়ান্টস শিবিরে। আইপিএলের একটিও ম্যাচ না খেলে ছিটকে গেলেন ২ কোটি টাকার অলরাউন্ডার। চোট না সারায় পুরো প্রতিযোগিতাতেই খেলতে পারবেন না তিনি।

Advertisement

গত টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন ওয়ানিন্দু হাসরঙ্গ। তার পর থেকেই মাঠের বাইরে অভিজ্ঞ অলরাউন্ডার। তাঁর চোট এখনও সারেনি। আইপিএলে তাঁর খেলার সম্ভাবনা নেই। লখনউয়ের গ্লোবাল ডিরেক্টর টম মুডি বলেছেন, ‘‘ওয়ানিন্দু হাসরঙ্গ এ বার আমাদের সঙ্গে যোগ দিতে পারবে না। ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে আমরা ওর পরিবর্ত খেলোয়াড় বেছে নেওয়ার চেষ্টা করব।’’ আইপিএলের গত নিলামের আগে হাসরঙ্গকে ছেড়ে দিয়েছিল রাজস্থান রয়্যালস। লখনউ তাঁর সঙ্গে ২ কোটি টাকায় চুক্তি করেছিল।

হাসরঙ্গ এখনও বল করতে পারছেন না। স্বাভাবিক ভাবেই শ্রীলঙ্কা ক্রিকেট তাঁকে এই অবস্থায় আইপিএল খেলার অনুমতি দেবে না। শ্রীলঙ্কার অলরাউন্ডার নিজেও বোর্ডের কাছে আইপিএল খেলার অনুমতি চাননি। চোট সম্পূর্ণ ঠিক হওয়ার পর হাসরঙ্গকে ফিটনেস পরীক্ষা দিতে হবে। তার পর প্রতিযোগিতামূলক ম্যাচ খেলার অনুমতি পাবেন।

হাসরঙ্গের পরিবর্ত হিসাবে লখনউ নিতে পারে দক্ষিণ আফ্রিকার জর্জ লিন্ডেকে। ৩৪ বছরের অলরাউন্ডার বাঁ হাতে স্পিন করেন। ২৫০টি টি-টোয়েন্টি ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁর। ২১৮টি উইকেট রয়েছে লিন্ডের। গত টি-টোয়েন্টি বিশ্বকাপে এবং নিউ জ়িল্যান্ড সফরে দক্ষিণ আফ্রিকা দলে ছিলেন তিনি। আরও কয়েক জন ক্রিকেটার লখনউ কর্তৃপক্ষের বিবেচনায় রয়েছেন।

Advertisement
আরও পড়ুন