India vs England

অবশেষে ৪৩৭ দিন পর ভারতীয় দলের জার্সিতে শামি, তৃতীয় টি২০-তে কোন একাদশ খেলাচ্ছে ভারত?

আন্তর্জাতিক ক্রিকেটে ফিরলেন মহম্মদ শামি। রাজকোটে ভারতের প্রথম একাদশে রাখা হয়েছে তাঁকে। এই ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছে অর্শদীপ সিংহকে। বাকি দলে পরিবর্তন হয়নি।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৭
picture of Mohammed Shami

মহম্মদ শামি। —ফাইল চিত্র।

ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দু’টি টি-টোয়েন্টি ম্যাচে ভারতের প্রথম একাদশে জায়গা হয়নি মহম্মদ শামির। তবে রাজকোটে সিরিজ়ের তৃতীয় ম্যাচে খেলছেন তিনি। চোট সারিয়ে ৪৩৭ দিন পর আন্তর্জাতিক ক্রিকেট খেলতে নামলেন বাংলার জোরে বোলার। অর্শদীপ সিংহের পরিবর্তে ভারতের প্রথম একাদশে এসেছেন শামি।

Advertisement

দ্বিতীয় ম্যাচের দলে একটি পরিবর্তন করেছে ভারত। অর্শদীপ ছাড়া বাকি ১০ জন অপরিবর্তিত। প্রথম দু’ম্যাচের মতোই ভারতের ইনিংস শুরু করবেন সঞ্জু স্যামসন এবং অভিষেক শর্মা। তিন নম্বরে নামবেন তিলক বর্মা। ব্যাটিং অর্ডারের চার নম্বরে অধিনায়ক সূর্যকুমার যাদব। পাঁচ নম্বরে আছেন ধ্রুব জুরেল। ছ’নম্বরে হার্দিক পাণ্ড্য। ব্যাটিং অর্ডারের পরের দু’টি জায়গাও অলরাউন্ডারদের। পর পর নামবেন ওয়াশিংটন সুন্দর এবং অক্ষর পটেল। ব্যাটিং অর্ডারে নয়, ১০ এবং ১১ নম্বরে আসবেন তিন বোলার। খেলছেন রবি বিশ্নোই, বরুণ চক্রবর্তী এবং শামি।

২০২৩ সালের এক দিনের বিশ্বকাপ ফাইনালের পর আর আন্তর্জাতিক ক্রিকেট খেলেননি শামি। গোড়ালির চোটের জন্য ছিটকে গিয়েছিলেন মাঠ থেকে। অস্ত্রোপচারের পর সুস্থ হয়ে গত নভেম্বরে ঘরোয়া ক্রিকেটে ফিরেছিলেন বাংলার হয়ে। তার পর বর্ডার-গাওস্কর ট্রফির জন্য তাঁর অস্ট্রেলিয়ায় যাওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত ফিটনেসের সমস্যার কারণে তাঁকে পাঠায়নি ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। ইংল্য়ান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ়ের ভারতীয় দলে রাখা হলেও প্রথম দুই ম্যাচে না খেলায় শামির ফিটনেস নিয়ে প্রশ্ন ওঠে। শেষ পর্যন্ত রাজকোটে ভারতের প্রথম একাদশে থাকায় জল্পনার অবসান হল।

রাজকোটে ভারতের প্রথম একাদশ: সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), অভিষেক শর্মা, তিলক বর্মা, সূর্যকুমার যাদব, ধ্রুব জুরেল, হার্দিক পাণ্ড্য, ওয়াশিংটন সুন্দর, অক্ষর পটেল, রবি বিশ্নোই, বরুণ চক্রবর্তী, মহম্মদ শামি।

Advertisement
আরও পড়ুন