IPL 2026

মুখোমুখি হওয়ার দু’দিন আগে স্বস্তি চেন্নাই-মুম্বই শিবিরে, পুরোদমে অনুশীলন শুরু ধোনির, শক্তি বাড়িয়ে নিলেন হার্দিকেরাও

আগামী বৃহস্পতিবার মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংস এবং মুম্বই ইন্ডিয়ান্স। গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে দু’শিবিরেই স্বস্তি। সম্পূর্ণ অনুশীলন করলেন মহেন্দ্র সিংহ ধোনি। শক্তি বাড়ালেন হার্দিক পাণ্ড্যেরাও।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২১ এপ্রিল ২০২৬ ২২:১৩
picture of cricket

(বাঁ দিকে) মহেন্দ্র সিংহ ধোনি এবং হার্দিক পাণ্ড্য (ডান দিকে)। —ফাইল চিত্র।

আগামী বৃহস্পতিবার আইপিএলে মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংস এবং মুম্বই ইন্ডিয়ান্স। প্রতিযোগিতার সফলতম দুই দলের লড়াইয়ের আগে স্বস্তি ফিরল চেন্নাই শিবিরে। শক্তি বাড়িয়ে নিল হার্দিক পাণ্ড্যের দলও।

Advertisement

মহেন্দ্র সিংহ ধোনিকে নিয়ে আশার আলো দেখতে পারেন চেন্নাই সমর্থকেরা। ভারতের প্রাক্তন অধিনায়ক কবে চোট সারিয়ে মাঠে নামতে পারবেন, তা নিয়ে জল্পনা চলছে আইপিএলের শুরু থেকে। এত দিন নেটে ব্যাটিং করলেও অনুশীলনে উইকেট রক্ষা করতে পারছিলেন না। মুম্বই ম্যাচের দু’দিন আগে আবার উইকেটরক্ষকের দস্তানা পরলেন ধোনি। মঙ্গলবার সতীর্থদের সঙ্গে পুরোদমে অনুশীলন করেছেন ধোনি। বেশ কিছুক্ষণ উইকেট রক্ষাও করেছেন।

ধোনির অনুশীলনের ছবি সমাজমাধ্যমে ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন চেন্নাই কর্তৃপক্ষ। তা থেকে আশা করা হচ্ছে, মুম্বইয়ের বিরুদ্ধে না হলেও দ্রুত প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরবেন ধোনি। আইপিএলে হলুদ জার্সি পরে তাঁর নামতে আর দেরি নেই। ধোনি পুরোদমে অনুশীলন শুরু করায় আত্মবিশ্বাসী হতে পারে রুতুরাজ গায়কোয়াড়ের দলও।

অন্য দিকে, চেন্নাইয়ের মুখোমুখি হওয়ার আগে খুশির হাওয়া মুম্বই শিবিরেও। দলের সঙ্গে যোগ দিলেন উইল জ্যাকস। মঙ্গলবার দলের সঙ্গে অনুশীলন করেছেন ইংল্যান্ডের অলরাউন্ডার। টানা আন্তর্জাতিক ক্রিকেটে ক্লান্ত জ্যাকস মুম্বই কর্তৃপক্ষের কাছে বিশ্রামের আর্জি জানিয়েছিলেন। তরতাজা হয়ে আইপিএলে যোগ দিতে চেয়েছিলেন।

২৭ বছরের জ্যাকস গত টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের অন্যতম সেরা পারফর্মার ছিলেন। চারটি ম্যাচে সেরা ক্রিকেটারের পুরস্কার পেয়েছিলেন জ্যাকস। গুজরাত টাইটান্সের বিরুদ্ধে জয়ে ফেরার পর চেন্নাই ম্যাচের আগে জ্যাকস যোগ দেওয়ায় নিশ্চিত ভাবে শক্তি বৃদ্ধি হবে মুম্বইয়ের।

Advertisement
আরও পড়ুন