ICC T20 World Cup 2026

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে পাকিস্তান, শেষ ম্যাচে নামিবিয়াকে হারিয়ে শেষ দল হিসাবে পরের রাউন্ডে বাবরেরা

প্রত্যাশা মতোই টি-টোয়েন্টি বিশ্বকাপের শেষ আটে চলে গেল পাকিস্তান। বুধবার নামিবিয়াকে সহজে হারালেন সলমন আলি আঘারা। প্রতিযোগিতার অষ্টম দল হিসাবে শেষ আটে পৌঁছোল পাকিস্তান।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:৩৬
picture of cricket

বাবর আজ়ম। ছবি: এক্স।

নামিবিয়াকে ১০২ রানে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে চলে গেল পাকিস্তান। অষ্টম দল হিসাবে শেষ আটে জায়গা পেতে হলে বুধবার জিততেই হত সলমন আলি আঘাদের। নামিবিয়ার বিরুদ্ধে জয় পেতে অবশ্য অসুবিধা হয়নি পাকিস্তানের। প্রথম ব্যাট করে ৩ উইকেটে ১৯৯ রান করে পাকিস্তান। ১০০ রানের অপরাজিত ইনিংস খেলেন শাহিবজ়াদা ফারহান। জবাবে ১৭.৩ ওভারে ৯৭ রানে শেষ হয়ে যায় নামিবিয়ার ইনিংস।

Advertisement

ভারতের কাছে হেরে চাপে পড়ে গিয়েছিলেন সলমনেরা। ব্যর্থতার জন্য সমালোচনায় বিদ্ধ হতে হয়েছিল বাবর আজ়ম, শাহিন আফ্রিদিদের মতো সিনিয়র ক্রিকেটারদের। তাঁদের দল থেকে বাদ দেওয়ার দাবিও ওঠে। দুর্বল নামিবিয়ার বিরুদ্ধে সত্যি সত্যিই শাহিনকে প্রথম একাদেশ রাখল না পাকিস্তান। বাবরকে দলে রাখা হলেও তাঁকে ব্যাট করতে দেওয়া হল না!

টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন সলমন। তবে কলম্বোর ২২ গজে এ দিনও শুরুটা ভাল করতে পারেননি তাঁরা। ওপেনার সাইম আয়ুব (১৪) ব্যর্থ হলেন। অন্য ওপেনার ফারহান এবং তিন নম্বরে নামা সলমন পরিস্থিতি সামাল দেন। পাক অধিনায়ক ২৩ বলে ৩৮ রানের ইনিংস খেলে আউট হয়ে গেলেও পিচের এক দিক আগলে রেখেছিলেন ফারহান। দলের ইনিংসের শেষ পর্যন্ত ২২ গজে ছিলেন। তাঁর ৫৮ বলে অপরাজিত ১০০ রানের ইনিংসে রয়েছে ১১টি চার এবং ৪টি ছক্কা। তবে রান পাননি চার নম্বরে নামা খাওয়াজা নাফায় (৫)। শেষ পর্যন্ত ফারহানের সঙ্গে ছিলেন শাদাব খান। ১টি চার এবং ৩টি ছক্কার সাহায্যে ২২ বলে ৩৬ রান করেন তিনি। নামিবিয়ার সফলতম বোলার জ্যাক ব্রাসেল ৪৮ রানে ২ উইকেট নিয়েছেন।

জয়ের জন্য ২০০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে কোনও সময়ই স্বচ্ছন্দ দেখায়নি নামিবিয়ার ব্যাটারদের। পাকিস্তানের স্পিনারদের বল বুঝতেই পারেননি তাঁরা। ওপেনার লরেন স্টিনক্যাম্পের ২২ বলে ২৩ এবং পাঁচ নম্বরে নামা অ্যালেকজান্ডার বুসিং ভলস্‌চেকের ২০ বলে ২০ রানের ইনিংস ছাড়া বলার মতো কিছু নেই নামিবিয়ার ইনিংসে। আর কেউই দু’অঙ্কের রান করতে পারেননি।

পাকিস্তানের সফলতম বোলার উসমান তারিক ১৬ রানে ৪ উইকেট নিয়েছেন। ১৯ রানে ৩ উইকেট শাদাবের। ১টি করে উইকেট নিয়েছেন সলমন মির্জা এবং মহম্মদ নওয়াজ়।

Advertisement
আরও পড়ুন