Yuzvendra Chahal

ছ’মাস আগে ছেড়ে দিয়েছেন মদ্যপান, আইপিএলে নিজের ১৫০ শতাংশ দিয়ে আবার নজর কাড়তে চান চহল

ব্যক্তিগত জীবন টালমাটাল পরিস্থিতির মধ্যে দিয়ে কেটেছে। ভারতীয় দল থেকেও দূরে দীর্ঘ দিন। সব ভুলে আইপিএলে ভাল খেলে নজর কাড়তে মরিয়া যুজবেন্দ্র চহল।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৮ মার্চ ২০২৬ ২২:৪১
cricket

যুজবেন্দ্র চহল। ছবি: সমাজমাধ্যম।

সাম্প্রতিক অতীতে ব্যক্তিগত জীবন টালমাটাল পরিস্থিতির মধ্যে দিয়ে কেটেছে। ভারতীয় দল থেকেও দূরে দীর্ঘ দিন। সব ভুলে আইপিএলে ভাল খেলে নজর কাড়তে মরিয়া যুজবেন্দ্র চহল। তার জন্য নিজের জীবনযাপনেও পরিবর্তন এনেছেন তিনি। ছ’মাস আগে ছেড়ে দিয়েছেন মদ্যপান।

Advertisement

গত বছর পঞ্জাব কিংসের হয়ে ফাইনাল খেলেছিলেন চহল। ট্রফি জিততে পারেননি। এ বার অধরা ট্রফি ছুঁতে মরিয়া তিনি। এবি ডিভিলিয়ার্সের ইউটিউব শোয়ে তিনি জানিয়েছেন, মদ্যপান ছেড়ে দিয়েছেন। সঙ্গে সঙ্গে হাততালি দিয়ে চহলের প্রশংসা করেছেন ডিভিলিয়ার্স।

চহল বলেছেন, “প্রায় ছ’মাস হয়ে গেল মদ্যপান ছেড়ে দিয়েছি। এখন আমার ৩৫ বছর। আরও বেশি সক্রিয় থাকতে চাই। দলের জন্য ১৫০ শতাংশ দিতে চাই। সিনিয়র ক্রিকেটার হিসাবে চাই আইপিএলের জুনিয়রেরা আমার থেকে কিছু শিখুক।”

গত বছরের ফাইনালে হার এখন দগদগে ক্ষত হয়ে রয়েছে চহলের মনে। তিনি মনে করেন, মার্কো জানসেন দলে থাকলে ফলাফল বদলে যেত। চহলের কথায়, “ফাইনালে জানসেনকে মিস্ করেছি আমরা। ও থাকলে নিঃসন্দেহে ট্রফি জিততাম। গোটা প্রতিযোগিতায় অসাধারণ বল করেছে ও। ব্যাটিংয়েও শেষের দিকে দু’-তিনটে ছয় হাঁকিয়ে দিত। ওর বোলিং নিয়ে আমরা বেশি আত্মবিশ্বাসী ছিলাম। বিপক্ষের ওপেনারদের কাছে কাজটা সহজ ছিল না।”

উল্লেখ্য, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রস্তুতি নিতে জানসেন দক্ষিণ আফ্রিকা ফিরে গিয়েছিলেন। তাঁর অভাবেই ফাইনালে পঞ্জাবকে হারতে হয়েছিল বলে মনে করেন চহল। নিজেও দু’বার চোট পেয়েছিলেন। তাই এ বার চহল প্রত্যয়ী। বলেছেন, “আগের বার কেকেআর ম্যাচের পর পাঁজরে চিড় ধরেছিল। পরে হাঁটুতে চোট লাগে। তাই সেমিফাইনাল এবং ফাইনালে ঠিক করে লেগস্পিন করতে পারিনি। এ বছর সবার আগে শরীরের খেয়াল রাখব।”

Advertisement
আরও পড়ুন