IPL 2026

নির্বাসিত হবেন শ্রেয়স? জয়ের পরেও অধিনায়ক-সহ পঞ্জাবের ১২ ক্রিকেটার পেলেন শাস্তি

পর পর দু’ম্যাচ জিতে আইপিএলের পয়েন্ট তালিকায় সকলের শীর্ষে পঞ্জাব কিংস। দল ভাল খেললেও চাপ বাড়ছে অধিনায়ক শ্রেয়স আয়ারের উপর। আবার শাস্তি পেয়েছেন তিনি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৪ এপ্রিল ২০২৬ ১০:৪২
cricket

শ্রেয়স আয়ার। ছবি: পিটিআই।

দল ছন্দে রয়েছে। পর পর দু’ম্যাচ জিতে আইপিএলের পয়েন্ট তালিকায় সকলের শীর্ষে পঞ্জাব কিংস। তার পরেও সমস্যায় পঞ্জাবের অধিনায়ক শ্রেয়স আয়ার। পর পর দু’ম্যাচে শাস্তি পেয়েছেন তিনি। দ্বিতীয় ম্যাচে তো শ্রেয়স-সহ পঞ্জাবের ১২ ক্রিকেটারকে শাস্তি দেওয়া হয়েছে। এ বার কি তবে নির্বাসিত হবেন শ্রেয়স?

Advertisement

প্রথম ম্যাচে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে মন্থর বোলিংয়ের জন্য শ্রেয়সকে ১২ লক্ষ টাকা জরিমানা করা হয়েছিল। দ্বিতীয় ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধেও একই ছবি দেখা গিয়েছে। মন্থর বোলিংয়ের জন্য এ বার ২৪ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে শ্রেয়সকে।

আইপিএলের নিয়মের ২.২২ ধারা অনুযায়ী এই শাস্তি পেয়েছেন শ্রেয়স। তবে শুধু শ্রেয়স নন, দলের ১১ ক্রিকেটার ও ইমপ্যাক্ট প্লেয়ার প্রিয়াংশ আর্যকেও শাস্তি দেওয়া হয়েছে। প্রত্যেককে হয় ৬ লক্ষ টাকা, নয়তো ম্যাচ ফির ২৫ শতাংশ (যে ক্ষেত্রে টাকার পরিমাণ কম) জরিমানা করা হয়েছে।

২০২৪ সাল পর্যন্ত তিনটি ম্যাচে মন্থর বোলিং করলে সেই দলের অধিনায়ককে এক ম্যাচ নির্বাসিত করা হত। কিন্তু ২০২৫ সাল থেকে নিয়ম বদলেছে। এখন নির্বাসিত না করে আর্থিক জরিমানা করা হয়। পাশাপাশি মাঠে নামার ক্ষেত্রে কিছু বিধিনিষেধও জারি করা হয়। কিন্তু নির্বাসিত করা হয় না। ফলে এর পরেও মন্থর বোলিং করলে শ্রেয়স নির্বাসিত হবেন না।

তবে অন্য একটি সমস্যায় পড়তে পারেন পঞ্জাব কিংসের অধিনায়ক। আইপিএলের গভর্নিং কাউন্সিল এখন আইসিসির কোড অফ কনডাক্টের সঙ্গে নিজেদের জুড়ে দিয়েছে। অর্থাৎ, বার বার এই দোষ করলে ডি-মেরিট পয়েন্ট পেতে পারেন শ্রেয়স। ৩৬ মাস বা তিন বছর সেই ডি-মেরিট পয়েন্ট কার্যকর থাকবে। এই ডি-মেরিট পয়েন্টের উপর আন্তর্জাতিক ক্রিকেটে নির্বাসনের যোগ রয়েছে। ফলে আইপিএলে নির্বাসিত না হলেও নির্বাসনের আশঙ্কা পুরোপুরি যাচ্ছে না শ্রেয়সের।

মাঠে পঞ্জাবের খেলায় অবশ্য ছন্দের অভাব নেই। শুক্রবার এমএ চিদম্বরম স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২০৯ রান করে চেন্নাই। জবাবে আট বল বাকি থাকতে ৫ উইকেটে ম্যাচ জিতে যায় পঞ্জাব। ব্যাট হাতে ছন্দে শ্রেয়স। ২৯ বলে ৫০ রান করে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন তিনি।

Advertisement
আরও পড়ুন