IPL 2026

পঞ্জাব কিংসের জার্সি থেকে পাকাপাকি বিদায় রুপোলি রঙের, কেন? সমর্থকের প্রশ্নের উত্তরে জানালেন মালকিন প্রীতি

লাল এবং রুপোলি রঙের জার্সি গায়ে আইপিএলে নিজের একমাত্র উইকেট নিয়েছিলেন অ্যাডাম গিলক্রিস্ট। পরিচিত ওই দু’রঙের জার্সি পরে এ বারও খেলছে না পঞ্জাব কিংস।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৮ এপ্রিল ২০২৬ ১৮:৩৩
picture of cricket

প্রীতি জ়িন্টা। ছবি: এক্স।

আইপিএলের প্রথম থেকে পঞ্জাব কিংসের জার্সিতে দু’টি রং গুরুত্ব পেয়েছে। লাল এবং রুপোলি। এ বারের জার্সিতে লাল থাকলেও নেই রুপোলি। এ বারের জার্সিতে রুপোলির জায়গায় এসেছে নীল। এই পরিবর্তন নিয়ে মুখ খুলেছেন দলের অন্যতম কর্ণধার প্রীতি জ়িন্টা।

Advertisement

আইপিএলের অন্যতম আকর্ষণীয় জার্সি ছিল পঞ্জাবের। লাল এবং রুপোলি রঙের জার্সি গায়েই আইপিএলে নিজের একমাত্র উইকেট নিয়েছিলেন অ্যাডাম গিলক্রিস্ট। পরিচিত দু’রঙের জার্সি পরে এ বার খেলছেন না শ্রেয়স আয়ারেরা। কেন জার্সি থেকে রুপোলি রং বাদ দেওয়া হল? ভবিষ্যতে কি আবার রুপোলির ছোঁয়া দেখা যাবে জার্সিতে? সমাজমাধ্যমে এক পঞ্জাব সমর্থকের এই প্রশ্নের উত্তর দিয়েছেন প্রীতি।

পঞ্জাবের মালকিন জানিয়েছেন, পঞ্জাবের জার্সিতে আর কখনও রুপোলি রং দেখা যাবে না। রংটিকে পাকাপাকি ভাবে বিদায় জানানো হয়েছে। তিনি বলেছেন, ‘‘ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নিয়ম অনুযায়ী ম্যাচের জার্সিতে সাদা, ধূসর এবং রুপোলি রং ব্যবহার করা যাবে না। কারণ, কিছু দল অভিযোগ করেছে, রুপোলি রঙের জন্য সাদা বল দেখতে সমস্যা হয়। আমিও রুপোলি রংটার অভাব অনুভব করছি।’’

রুপোলির পরিবর্তে পঞ্জাব জার্সিতে কয়েক বার ধূসর রংও ব্যবহার করেছিল। এই রংটিকেও বিসিসিআই নিষিদ্ধ করেছে। তাই বাধ্য হয়েই পঞ্জাব কর্তৃপক্ষকে জার্সির রং পরিবর্তন করতে হয়েছে। উল্লেখ্য, এ বারের আইপিএলে শ্রেয়সের দল এখনও পর্যন্ত অপরাজিত। সাত ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে তালিকায় শীর্ষে রয়েছেন তাঁরা।

Advertisement
আরও পড়ুন