IPL 2026

অশ্বিনের বাড়িতে বৈভবের রাজ! ৭৬৫ আন্তর্জাতিক উইকেটের মালিকের বাবা-মা মেতে সূর্যবংশীর চার-ছক্কায়

এ বারের আইপিএলে নজর কেড়েছে বৈভব সূর্যবংশী। তার ব্যাটিংয়ে মুগ্ধ রবিচন্দ্রন অশ্বিনের বাবা-মা। মন দিয়ে বৈভবের খেলা দেখছেন তাঁরা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৬ এপ্রিল ২০২৬ ২২:২২
cricket

বৈভব সূর্যবংশী। —ফাইল চিত্র।

ঘরে ঘরে নিজের জনপ্রিয়তা বাড়িয়ে চলেছে বৈভব সূর্যবংশী। চলতি আইপিএলে ফর্মে রাজস্থান রয়্যালসের ব্যাটার। শনিবার সানরাইজ়ার্স হায়দরাবাদের বিরুদ্ধে শতরানও করেছে সে। বৈভবের ব্যাটিংয়ে মুগ্ধ রবিচন্দ্রন অশ্বিনের বাবা-মা। মন দিয়ে বৈভবের খেলা দেখছেন তাঁরা।

Advertisement

অশ্বিন নিজের ইউটিউব চ্যানেলে জানিয়েছেন, কী ভাবে বৈভবের খেলা দেখার জন্য তাঁর বাবা-মা মুখিয়ে থাকেন। অশ্বিন বলেন, “সত্যি বলতে, আমি এর আগে আমার বাবা-মাকে এ ভাবে কাউকে ভালবাসতে দেখিনি। ওরা মন দিয়ে বৈভবের খেলা দেখে। ওরা বলে, ‘বৈভব দুর্দান্ত ব্যাটার। কী অসাধারণ সব শট খেলে।’”

তাঁর বাবা-মা বৈভবের এক নম্বর ভক্ত হয়ে উঠেছেন বলে জানিয়েছেন অশ্বিন। ভারতের প্রাক্তন ক্রিকেটার বলেন, “আমার বাবা-মা বাড়িতে নীচের তলায় থাকে। ওদের সঙ্গে বসে আমি রাজস্থানের খেলা দেখি। বৈভব রান করলে ওরাও উল্লাস করে। বলে, ‘ওর গালটা দেখো। পুরো বাচ্চাদের মতো। কী ভাবে উল্লাস করছে দেখো।’ বৈভবকে নিয়ে আমার বাবা-মা সারা ক্ষণ কথা বলে।”

আগের দিন হায়দরাবাদের বিরুদ্ধে শতরানের পরেই রিভার্স স্কুপ খেলতে গিয়ে আউট হয়েছে বৈভব। তাতে বৈভবের থেকেও হয়তো তাঁর বাবা-মা বেশি দুঃখ পেয়েছেন বলে জানিয়েছেন অশ্বিন। তিনি বলেন, “বৈভব আউট হওয়ার পর বাবা বলল, ‘ওই শটটা মারতে যাওয়ার কী দরকার ছিল? ও কি অতিরিক্ত আত্মবিশ্বাসী হয়ে গিয়েছিল?’ আমি বললাম, বাবা ও বাচ্চা ছেলে। ওকে খেলতে দাও।”

অশ্বিন নিজে ভারতের অন্যতম সেরা স্পিনারদের এক জন। আন্তর্জাতিক ক্রিকেটে তিন ফরম্যাট মিলিয়ে ৭৬৫ উইকেট নিয়েছেন। টেস্টে অনিল কুম্বলের পরেই সবচেয়ে বেশি উইকেট তাঁর। ছেলে বোলার হলেও আইপিএলে এক ১৫ বছরের ব্যাটার অশ্বিনের বাবা-মায়ের মন জিতে নিয়েছে। অশ্বিনের বাড়িতে রাজ করছে সে।

Advertisement
আরও পড়ুন