রাজস্থান রয়্যালস দল। ছবি: পিটিআই।
আইপিএলে লজ্জার নজির রাজস্থান রয়্যালসের। শনিবার গুজরাত টাইটান্স প্রথমে ব্যাট করে ৪ উইকেটে ২২৯ রান তোলে রাজস্থানের বিরুদ্ধে। শুভমন গিলদের এই ইনিংসই রিয়ান পরাগের দলের লজ্জার কারণ।
এই নিয়ে এ বারের আইপিএলে রাজস্থানের বিরুদ্ধে সাত বার ২০০ বা তার বেশি রান উঠল। এক মরসুমে কোনও দলের বিপক্ষে সবচেয়ে বেশি বার ২০০ বা তার বেশি রান হল। এমন নজির আরও তিনটি দলের রয়েছে। তবে রাজস্থানের লজ্জা একটু বেশি। কারণ প্রথম বারের আইপিএল চ্যাম্পিয়নদের বিরুদ্ধে এমন ঘটনা দ্বিতীয় বার। গত মরসুমেও রাজস্থানের বিরুদ্ধে সাত বার ২০০ বা তার বেশি রান উঠেছিল।
আইপিএলে প্রথম বার এমন ঘটনা ঘটেছিল ২০২৪ সালে। সে বার সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে সাত বার অন্তত ২০০ রান করেছিল অন্য দলগুলি। গত মরসুমে রাজস্থান ছাড়াও এই লজ্জার অংশীদার ছিল লখনউ সুপার জায়ান্টস এবং পঞ্জাব কিংস। তাদের বিরুদ্ধে সাত বার করে ২০০ বা তার বেশি রান উঠেছিল। তবে রাজস্থান ছাড়া অন্য কোনও দলের বিরুদ্ধে একাধিক বার এমন হয়নি।
শনিবারের ম্যাচে গুজরাতের ২২৯ রানের জবাবে ১৬.৩ ওভারে ১৫২ রানে শেষ হয়ে যায় রাজস্থানের ইনিংস। টানা দু’টি ম্যাচ হেরে কিছুটা চাপে পড়ে গিয়েছেন রিয়ানেরা। ১১ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে তাঁরা এখন রয়েছেন তালিকায় পঞ্চম স্থানে।