IPL 2026

ওয়ার্ন নাম দিয়েছিলেন ‘রকস্টার!’ সেই তকমা বৈভবকে দিয়ে দিলেন রাজস্থানের জাডেজা

রবীন্দ্র জাডেজার আইপিএল কেরিয়ার শুরু হয়েছিল রাজস্থান রয়্যালসে। সেই সময় শেন ওয়ার্ন তাঁকে ‘রকস্টার’ নামে ডাকতেন। সেই তকমা বৈভব সূর্যবংশীকে দিলেন জাডেজা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৯ মে ২০২৬ ২০:০৯
cricket

বৈভব সূর্যবংশী। —ফাইল চিত্র।

তখন সবে অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে আইপিএলের আঙিনায় পা রেখেছেন রবীন্দ্র জাডেজা। তাঁর শুরুটা হয়েছিল রাজস্থান রয়্যালসে। দলের অধিনায়ক ও কোচ শেন ওয়ার্ন। তারকাদের ভিড়েও জাডেজাকে চিনে ফেলেছিলেন ওয়ার্ন। তাঁকে ‘রকস্টার’ তকমা দিয়েছিলেন তিনি। সেই তকমা এ বার দলেরই অন্য এক জনকে দিলেন জাডেজা।

Advertisement

সম্প্রচারকারী চ্যানেলে একটি ভিডিয়োয় জাডেজা নাম করেছেন বৈভব সূর্যবংশীর। তিনি বলেন, “রাজস্থানে অনেক প্রতিভাবান তরুণ ক্রিকেটার রয়েছে। কিন্তু সবচেয়ে এগিয়ে বৈভব। যে ভাবে ও ব্যাট করছে, তাতে বোঝা যাচ্ছে এই বয়সেই ও কতটা পরিণত।”

জাডেজার মতে, কী ভাবে ইনিংস এগিয়ে নিয়ে যেতে হবে, তা খুব ভাল ভাবে বুঝে গিয়েছে বৈভব। ভারতীয় অলরাউন্ডার বলেন, “দেখে বোঝা যায়, নিজের শক্তি ও জানে। কী ভাবে ইনিংস এগিয়ে নিয়ে যেতে হবে তা জানে। নিজের শক্তির উপর ওর ভরসা রয়েছে। তাই এত ভাল ভাল বোলারের বিরুদ্ধে এত ভাল খেলছে।”

চাপের মধ্যেও বৈভবের ঠান্ডা মাথা মুগ্ধ করেছে জাডেজাকে। সেই কারণেই তাঁকে ‘রকস্টার’ তকমা দিয়েছেন জাডেজা। তিনি বলেন, “ওর ঠান্ডা মাথা আমাকে অবাক করে। চাপের মধ্যে কোনও সময় ওকে সমস্যায় পড়তে দেখিনি। এই বয়সে এই গুণ খুব কম ক্রিকেটারের মধ্যেই থাকে। যদি কাউকে দলের রকস্টার বলতে হয়, তা হলে সেটা অবশ্যই বৈভব।”

চলতি আইপিএলে ১০ ম্যাচে ৪০৪ রান করেছে বৈভব। ৪০.৪০ গড় ও ২৩৭.৬৪ স্ট্রাইক রেটে রান করেছে সে। একটি শতরান ও দু’টি অর্ধশতরান এসেছে তার ব্যাট থেকে। কমলা টুপির তালিকায় পাঁচ নম্বরে রয়েছে বৈভব। এখন থেকেই ভবিষ্যতের তারকা ধরা হচ্ছে তাকে। সেই কারণেই হয়তো বৈভবকে ‘রকস্টার’ তকমা দিয়েছেন জাডেজা।

Advertisement
আরও পড়ুন