Rishabh Pant

১২ কোটি টাকা বেতন কমিয়ে ‘ঘরে’ ফেরার পথে পন্থ! সৌরভের দিল্লিতে আবার দেখা যেতে পারে ঋষভকে, ব্যাটিং কোচ হচ্ছেন যুবরাজ

আইপিএল শেষ হওয়ার এক মাসও হয়নি। এর মধ্যেই পরের মরসুমের ঘর গোছানোর কাজ শুরু হয়ে গেল। সব ঠিক থাকলে, আবার দিল্লি ক্যাপিটালসে ফিরতে চলেছেন ঋষভ পন্থ। নিজের বেতন অনেকটাই কমিয়ে ‘ঘরে’ ফিরতে চাইছেন তিনি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৯ জুন ২০২৬ ২১:৫৪
sports

আবার দিল্লিতে পন্থ। ছবি: সমাজমাধ্যম।

আইপিএল শেষ হওয়ার এক মাসও হয়নি। এর মধ্যেই পরের মরসুমের ঘর গোছানোর কাজ শুরু হয়ে গেল। সব ঠিক থাকলে, আবার দিল্লি ক্যাপিটালসে ফিরতে চলেছেন ঋষভ পন্থ। নিজের বেতন অনেকটাই কমিয়ে ‘ঘরে’ ফিরতে চাইছেন তিনি। বদলে লখনউ পেতে চলেছে কুলদীপ যাদবকে। উত্তরপ্রদেশের ক্রিকেটারও ‘ঘরে’ ফিরবেন। যদিও আগে তিনি কখনও লখনউয়ের হয়ে খেলেননি। এ দিকে, যুবরাজ সিংহকে দিল্লির নতুন ব্যাটিং কোচ হিসাবে দেখা যেতে পারে।

Advertisement

‘ক্রিকবাজ়’ ওয়েবসাইটের খবর অনুযায়ী, দিল্লির নতুন দল পরিচালন সমিতি এই সিদ্ধান্ত নিয়েছে। আগামী দু’বছরের জন্য দিল্লির পুরুষ দলের দায়িত্ব নিচ্ছে পার্থ জিন্দলের জেএসডব্লিউ। তারা পন্থের সঙ্গে যোগাযোগ করেছিল। পন্থ নিজেও লখনউ ছেড়ে দিল্লি ফিরতে রাজি। দিল্লির হয়ে ৯ বছর খেলার পর ২০২৫-এ লখনউয়ে যোগ দিয়েছিলেন। আবার ফিরছেন দিল্লিতে।

লখনউয়ে যেতে পারেন কুলদীপ। দুই ক্রিকেটারের মধ্যে আদান-প্রদান হতে পারে। ঠিক কবে এটি আনুষ্ঠানিক ভাবে ঘোষণা হবে তা জানা যায়নি। তবে দিল্লিতে ফেরার জন্য নিজের বেতন অনেকটাই কমাচ্ছেন পন্থ।

নিলামে লখনউ তাঁকে কিনেছিল রেকর্ড ২৭ কোটি টাকায়। দিল্লির পক্ষে অত টাকা দেওয়া সম্ভব নয়। তাই পন্থ রাজি হয়েছেন নিজের বেতন অনেকটাই কমাতে। ১৫ কোটি টাকায় দিল্লিতে যোগ দিতে পারেন তিনি। অতীতে রবীন্দ্র জাডেজা নিজের বেতন কমিয়ে চেন্নাই থেকে রাজস্থানে গিয়েছিলেন। কুলদীপ ১৩.২৫ কোটি টাকাতেই লখনউয়ে ফিরছেন।

পন্থের অধীনে পর পর দু’বার লখনউ ব্যর্থ হওয়ার পর পরিবর্তন এক প্রকার নিশ্চিত ছিলই। আইপিএল শেষ হওয়ার পরেই পন্থ নেতৃত্ব ছেড়ে দেন। দিল্লির হয়ে পন্থ ২০১৬-২০২৪ পর্যন্ত ১১১টি ম্যাচ খেলেছেন। ২০২৩ মরসুম চোটের জন্য খেলতে পারেননি। তিনটি মরসুমে ৪৩টি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন।

জেএসডব্লিউ দায়িত্বে আসায় দল পরিচালনার দায়িত্বে ফিরছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি যুবরাজকে ব্যাটিং কোচ হতে রাজি করিয়েছেন বলে শোনা গিয়েছেন। সৌরভ আসায় হেমাঙ্গ বাদানিকে কোচের পদ থেকে সরতে হবে।

Advertisement
আরও পড়ুন