IPL 2026

বিতর্কিত পরাগের ৯০ রান! ৩ উইকেট স্টার্কের, দিল্লির সামনে ২২৬ রানের লক্ষ্য দিল রাজস্থান

দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে রান পায়নি বৈভব সূর্যবংশী। রাজস্থান রয়্যালসের ইনিংস টানলেন রিয়ান পরাগ। চলতি আইপিএলে প্রথম অর্ধশতরান করলেন রাজস্থানের অধিনায়ক।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০১ মে ২০২৬ ২১:১৬
cricket

রিয়ান পরাগ। ছবি: পিটিআই।

সাজঘরের মধ্যে ধূমপান করে বিতর্কে জড়িয়ে শাপে বর হল রিয়ান পরাগের। শুক্রবার ঘরের মাঠে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ব্যাট হাতে সব সমালোচনার জবাব দিলেন তিনি। ৫০ বলে ৯০ রানের ইনিংস খেললেন। শেষ দিকে ঝোড়ো ইনিংস খেললেন ডোনোভাল ফেরেরা। তাঁদের ব্যাটে ভর করে দিল্লির সামনে ২২৬ রানের লক্ষ্য দিল রাজস্থান রয়্যালস।

Advertisement

সানরাইজ়ার্স হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচের মাঝে সাজঘরে ধূমপান করায় বিতর্ক হয়েছিল পরাগকে ঘিরে। তাঁকে জরিমানার শাস্তিও দেওয়া হয়েছে। কিন্তু নির্বাসনের সাজা পাননি তিনি। যদিও পরাগের এই কাজের সমালোচনা করেছেন অনেকে। সেই বিতর্ক হয়তো বাড়তি তাগিদ জুগিয়েছিল পরাগকে। মুখে কিছু বলেননি তিনি। ব্যাটে জবাব দিতে চেয়েছিলেন। সেটাই দিলেন দিল্লির বিরুদ্ধে।

এই ম্যাচে বৈভব সূর্যবংশী বনাম মিচেল স্টার্কের লড়াই দেখার অপেক্ষায় ছিলেন সকলে। কিন্তু সেই লড়াই দেখাই গেল না। প্রথম ওভারেই ব্যাটই করতে পারল না বৈভব। শুরুতে স্ট্রাইক নেন যশস্বী জয়সওয়াল। স্টার্কের প্রথম বলে ছক্কা মারলেও তৃতীয় বলে আউট হয়ে যান তিনি। ধ্রুব জুরেল বাকি তিন বল খেলেন। ফলে বৈভব স্টার্কের বল খেলার সুযোগই পায়নি।

দ্বিতীয় ওভারের চতুর্থ বলে ব্যাট করার সুযোগ পায় বৈভব। কাইল জেমিসনের প্রথম বলেই সোজা চার মারে সে। দ্বিতীয় বলটিই ইয়র্কার করেন জেমিসন। বৈভব তা বুঝতে পারেনি। তার ব্যাট ও প্যাডে লেগে বল গিয়ে উইকেটে লাগে। দ্বিতীয় বলে বোল্ড হয়ে ৪ রানের মাথায় ফেরে সে। বৈভবকে আউট করে জেমিসন-সহ গোটা দিল্লি দলের উল্লাস বলে দিচ্ছিল, এই উইকেটের গুরুত্ব তাঁদের কাছে কী। যদিও এই উল্লাস নিয়েও প্রশ্ন উঠেছে। ১৫ বছরের এক ব্যাটারকে আউট করে জেমিসনের আগ্রাসী উল্লাসের নিন্দা করেছেন অনেকে।

মাত্র ১২ রানে দুই ওপেনার আউট হয়ে যান। বৈভব-যশস্বী না চললেও রাজস্থানের রান তোলার গতি কমতে দেননি পরাগ ও জুরেল। পাল্টা আক্রমণের পথে হাঁটেন তাঁরা। পাওয়ার প্লে কাজে লাগান। পরাগকে শুরু থেকে দেখে মনে হচ্ছিল, অনেক জবাব দেওয়ার আছে তাঁর। বাজে শট খেলছিলেন না। কিন্তু প্রতি ওভারে বড় শট মারছিলেন। জুরেলও তাঁকে সঙ্গ দিচ্ছিলেন।

৩২ বলে অর্ধশতরান করেন পরাগ। চলতি আইপিএলে এটি তাঁর প্রথম অর্ধশতরান। ৫৯ বলে ১০২ রানের জুটি গড়েন দুই ব্যাটার। সেই জুটি ভাঙেন দিল্লির অধিনায়ক অক্ষর পটেল। ৩০ বলে ৪২ রানের মাথায় আউট হন জুরেল। তার পরেও রান তোলার গতি কমেনি রাজস্থানের। পরাগের সঙ্গে জুটি বাঁধেন রবীন্দ্র জাডেজা।

দিল্লিকে আবার খেলায় ফেরান স্টার্ক। দ্বিতীয় স্পেলে ফিরে এক ওভারে জাডেজা ও পরাগকে আউট করেন তিনি। পরাগের খেলা দেখে মনে হচ্ছিল, শতরান না করে থামবেন না। কিন্তু স্টার্কের একটি বলের গতি বুঝতে না পেরে ৫০ বলে ৯০ রানের মাথায় ক্যাচ দিয়ে ফেরেন তিনি। জাডেজা ১৪ বলে ২০ রান করেন।

পর পর দু’উইকেট পড়ায় রাজস্থানের রান তোলার গতি কমে গিয়েছিল। তখনই আবার ত্রাতার ভূমিকায় ফেরেরা। গত ম্যাচে রাজস্থানের হয়ে ম্যাচ জেতানো ইনিংস খেলেছিলেন তিনি। এই ম্যাচেও দেখালেন, শেষ দিকে কতটা ভয়ঙ্কর হতে পারেন তিনি। মাত্র ১৪ বলে ৪৭ রানের ইনিংস খেললেন ফেরেরা। ছ’টি ছক্কা মারলেন। তাঁর ব্যাটে ভর করে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২২৫ রান করল রাজস্থান। দিল্লির হয়ে চলতি মরসুমে প্রথম ম্যাচ খেলতে নেমে নজর কাড়লেন স্টার্ক। চার ওভারে ৪০ রান দিয়ে ৩ উইকেট নিলেন তিনি।

Advertisement
আরও পড়ুন