IPL 2026

জয়পুরে স্টেডিয়ামের ফ্লাড লাইটের প্রশংসা করলেও খুশি নন সাঙ্গাকারা! ক্যাচ পড়ার জন্য আলোর নতুন ব্যবস্থাকে দুষলেন রাজস্থান কোচ

নতুন ফ্লাড লাইটে জয়পুরের মাঠ গত বারের তুলনায় অনেক বেশি উজ্জ্বল দেখাচ্ছে। বেড়েছে দৃশ্যমানতাও। তবু খুশি একটি কারণে খুশি নন রাজস্থান রয়্যালসের কোচ কুমার সাঙ্গাকারা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৯ মে ২০২৬ ১৭:৪৭
picture of cricket

কুমার সাঙ্গাকারা। —ফাইল চিত্র।

জয়পুরের সোয়াই মান সিংহ স্টেডিয়ামের নতুন এলইডি ফ্লাড লাইট নিয়ে খুশি নন কুমার সাঙ্গাকারা। রাজস্থান রয়্যালস-সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচে বেশ কিছু ক্যাচ পড়েছিল। রাজস্থান কোচের অভিযোগ, নতুন ফ্লাড লাইটের জন্য সমস্যা হচ্ছে ফিল্ডারদের।

Advertisement

আইপিএলের আগে স্টেডিয়ামে নতুন ফ্লাড লাইট লাগানো হয়েছে। অত্যাধুনিক এই ফ্লাড লাইটই এখন বিতর্কের কেন্দ্রে। নতুন ফ্লাড লাইটে মাঠে আলোর পরিমাণ বেড়েছে। উজ্জ্বল আলোয় দৃশ্যমানতাও বৃদ্ধি পেয়েছে। অথচ নতুন এই আলোই সমস্যা করছে। সাঙ্গাকারা বলেছেন, ‘‘স্টেডিয়াম কর্তৃপক্ষ নতুন আলো লাগিয়েছেন। দারুণ কাজ করেছেন। জয়পুরে এলইডি আলো ব্যবহার করা হচ্ছে। অন্য স্টেডিয়ামগুলোয় এলইডি আলো নেই। পার্থক্য অনেকটাই। এলইডি আলো অনেক বেশি উজ্জ্বল হলেও ক্রিকেটারদের মানিয়ে নিতে সমস্যা হচ্ছে। সকলে স্বচ্ছন্দ হতে পারছে না। উজ্জ্বল আলোয় উঁচুতে ওঠা বল দেখতে সমস্যা হচ্ছে।’’

কী ভাবে এই সমস্যার সমাধান করা যায়? সাঙ্গাকারা বলেছেন, ‘‘আমরা স্টেডিয়াম কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। অনুরোধ করেছি, আলোর দিক সামান্য পরিবর্তন করতে। এমন ভাবে করা হোক যাতে মাঠে পর্যাপ্ত আলো থাকবে অথচ সরাসরি চোখে পড়বে না। বিভিন্ন রকম আলোর সঙ্গে মানিয়ে নেওয়া সহজ নয়। সমস্যা হয়। তবে আধুনিক প্রযুক্তির যে আলো জয়পুরের স্টেডিয়ামে ব্যবহার করা হচ্ছে, আমি তার বিরুদ্ধে নই। উন্নয়নের সঙ্গে মানিয়ে নিতে হবে।’’

আইপিএলের পয়েন্ট টেবিলে চতুর্থ স্থানে রয়েছে রাজস্থান। ১০টি ম্যাচ খেলে ৬টি জিতেছেন রিয়ান পরাগেরা। শনিবার গুজরাত টাইটান্সের বিরুদ্ধে ঘরের মাঠে নামবে রাজস্থান। সাঙ্গাকারার আশা, এই ম্যাচে ফ্লাড লাইট সমস্যা করবে না।

Advertisement
আরও পড়ুন