MS Dhoni

মধ্যরাতে কেক কেটে জন্মদিন পালন ধোনির, মুম্বইয়ের অনুষ্ঠানে ছিলেন সলমনও

শনিবার মধ্যরাতে ৪৩তম জন্মদিন পালন করলেন ধোনি। মুম্বইয়ের অনুষ্ঠানে ছিলেন তাঁর ঘনিষ্ঠ কয়েক জন বন্ধু। ছিলেন বলিউডের ভাইজান সলমনও।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৭ জুলাই ২০২৪ ১০:৩৩
picture of MS Dhoni

মহেন্দ্র সিংহ ধোনি। —ফাইল চিত্র।

৪২ বছর পূর্ণ করলেন মহেন্দ্র সিংহ ধোনি। শনিবার মধ্যরাতে কেক কেটে জন্মদিন উদ্‌যাপন করলেন ভারতের প্রাক্তন অধিনায়ক। মুম্বইয়ে অনন্ত অম্বানী এবং রাধিকা মার্চেন্টের বিয়ের অনুষ্ঠানের মাঝেই নিজের জন্মদিন পালন করলেন মাহি। জন্মদিনে তাঁর পা ছুঁয়ে প্রণাম করলেন স্ত্রী সাক্ষী ধোনি। মধ্যরাতের অনুষ্ঠানে ছিলেন অভিনেতা সলমন খানও।

Advertisement

ঘনিষ্ঠদের সঙ্গে ৪৩তম জন্মদিন পালন করলেন ধোনি। মুকেশ অম্বানীর ছেলের বিয়ে উপলক্ষে মুম্বইয়ে আছেন প্রবীণ উইকেটরক্ষক-ব্যাটার। সেখানেই পালিত হল তাঁর জন্মদিন। মধ্যরাতে ধোনির কেক কাটার ভিডিয়ো সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। তাতে দেখা যাচ্ছে ধোনি কেক কেটে প্রথমে স্ত্রী সাক্ষীকে খাইয়ে দিচ্ছেন। তার পর তাঁকে কেক খাইয়ে দেন সাক্ষী। এর পর স্বামীর পা ছুঁয়ে প্রণাম করেন সাক্ষী। ধোনিও তাঁকে হাত তুলে আশীর্বাদ করেন। উল্লেখ্য, কয়েক দিন আগেই ১৫তম বিবাহবার্ষিকী পালন করেছিলেন ধোনি এবং সাক্ষী।

ধোনির জন্মদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সলমনও। স্ত্রীর পর বলিউডের ভাইজানকে কেক খাইয়ে দেন মাহি। সেই ভিডিয়োও ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। উপস্থিত ছিলেন ভারতের প্রাক্তন অধিনায়কের ঘনিষ্ঠ কয়েক জন বন্ধুও।

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও এখনও আইপিএল খেলছেন ধোনি। গত মরসুমে ছেড়ে দিয়েছেন চেন্নাই সুপার কিংসের নেতৃত্ব। তাঁর অবসর নিয়ে জল্পনা চললেও ধোনি নিজে মুখ খোলেননি। চেন্নাই কর্তৃপক্ষের আশা, ২০২৫ সালেও খেলবেন মাহি।

Advertisement
আরও পড়ুন