IPL 2026

নাও, ১ পয়েন্ট দিয়ে দিলাম! ইডেনে কেকেআর-পঞ্জাব ম্যাচ ভেস্তে যাওয়ার পর রাহানেদের খোঁচা দিতে ছাড়লেন না শ্রেয়সের বোনও

ইডেনে ম্যাচ ভেস্তে যাওয়ায় ১ পয়েন্ট পেয়েছে কেকেআর। চলতি আইপিএলে অজিঙ্ক রাহানেরা প্রথম পয়েন্ট পাওয়ার পর তাঁদের খোঁচা মেরেছেন শ্রেয়স আয়ারের বোন শ্রেষ্ঠা আয়ার।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৭ এপ্রিল ২০২৬ ১২:৫৪
cricket

অজিঙ্ক রাহানে। —ফাইল চিত্র।

বৃষ্টিতে ম্যাচ ভেস্তে যাওয়ায় হয়তো শাপে বর হয়েছে কেকেআরের। হারের হ্যাটট্রিক হয়নি তাদের। ইডেনে পঞ্জাব কিংসের বিরুদ্ধে ১ পয়েন্ট পেয়েছে তারা। কিন্তু সেই পয়েন্ট পাওয়ার পর অজিঙ্ক রাহানেদের খোঁচা মেরেছেন শ্রেয়স আয়ারের বোন শ্রেষ্ঠা আয়ার।

Advertisement

খেলা ভেস্তে যাওয়ার পর ইনস্টাগ্রামে একটি রিল পোস্ট করেন শ্রেষ্ঠা। সেখানে শ্রেষ্ঠার সঙ্গে আরও কয়েক জন ছিলেন। শ্রেষ্ঠা বলেন, “আমাদের পঞ্জাবিদের মন খুব বড় হয়। নাও, ১ পয়েন্ট দিয়ে দিলাম।” তার পরেই পঞ্জাবি ভাষার একটি গান চলতে শুরু করে। তার তালে সকলে নাচতে শুরু করেন। তখনও দেখা যায়, হাতের ইশারায় ১ পয়েন্ট বোঝাচ্ছেন তাঁরা।

সোমবারের ম্যাচে মাত্র ৩.৪ ওভার খেলা হয়েছিল। কেকেআর ২ উইকেট হারিয়ে ২৫ রান করেছিল। কিন্তু যে ভাবে খেলা চলছিল তাতে বড় রান করতে চাপ হত তাদের। পঞ্জাবের মতো শক্তিশালী দলের বিরুদ্ধে জিততে সমস্যা হত কেকেআরের। সেই কারণেই হয়তো শ্রেষ্ঠা খোঁচা দিলেন কেকেআরকে। বোঝাতে চাইলেন, খেলা হলে কোনও পয়েন্ট ছাড়াই মাঠ ছাড়তে হত রাহানেদের। সেখানে ১ পয়েন্ট তাঁরা পেলেন।

খেলা ভেস্তে গেলেও সমালোচনার মুখে পড়েছেন কেকেআরের অধিনায়ক রাহানে। টস জিতে তিনি ব্যাট করার সিদ্ধান্ত নেন। এই সিদ্ধান্তের নেপথ্যে কী যুক্তি, তা বুঝতে পারছেন না কেউ। ইডেনে কেকেআর-পঞ্জাব ম্যাচে বৃষ্টির পূর্বাভাস ছিল। বিকেলের পর থেকেই মেঘ জমতে শুরু করেছিল আকাশে। টস জিতে সকলকে অবাক করে দেন রাহানে। আগের ম্যাচে সানরাইজ়ার্স হায়দরাবাদের বিরুদ্ধে প্রথমে বল করে হেরেছিল কেকেআর। রাহানে পরে বলেছিলেন, দ্বিতীয় ইনিংসে ব্যাট করা কঠিন হয়ে পড়েছিল। সেই কারণেই হয়তো পঞ্জাবের বিরুদ্ধে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন রাহানে। নইলে আর কোনও যুক্তিতে এই সিদ্ধান্ত নেওয়া যায় না।

যদিও তার ফল ভুগতে হয়নি কেকেআরকে। বৃষ্টি বাঁচিয়ে দেয় তাদের। খেলা ভেস্তে যায়। ফলে ১ পয়েন্ট করে পায় দু’দল। নইলে কেকেআরের শুরুটা যে ভাবে হয়েছিল, তাতে এই ম্যাচ হারার সম্ভাবনা ছিল। আবহাওয়া কাজে লাগিয়ে জ়েভিয়ার বার্টলেট বল সুইং করাচ্ছিলেন। এক ওভারে ফিন অ্যালেন ও ২৫ কোটির ক্যামেরন গ্রিনকে আউট করেন তিনি। যে ভাবে বল সুইং করছিল, তাতে পঞ্জাবের বোলিং আক্রমণের সামনে ২০ ওভার ব্যাট করতেও সমস্যায় পড়ত কেকেআর।

Advertisement
আরও পড়ুন