India Cricket

গম্ভীর, আগরকরকে টপকে সরাসরি বোর্ডের দ্বারস্থ কয়েক জন ক্রিকেটার! এক দিনের দলে কি রাশ হারাচ্ছেন গৌতি

বোর্ড সূত্রে খবর, এক দিনের ক্রিকেটে তাঁদের ভবিষ্যৎ নিয়ে সরাসরি ভারতীয় ক্রিকেট বোর্ডের দ্বারস্থ হয়েছেন কয়েক জন সিনিয়র ক্রিকেটার। কোচের উপর কি আস্থা নেই তাঁদের?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১০ জুন ২০২৬ ১৮:০৭
cricket

গৌতম গম্ভীর। —ফাইল চিত্র।

ভারতের তিন ফরম্যাটে দলের অবস্থা এক নয়। টেস্ট ও টি-টোয়েন্টি দলে গৌতম গম্ভীরই শেষ কথা। তিনি যা বলেন, সেটাই হয়। কিন্তু এক দিনের দলের ছবিটা আলাদা। এক দিনের দলে গম্ভীরের সেই দাপট নেই। সেই কারণেই প্রধান কোচ গম্ভীর ও নির্বাচক প্রধান অজিত আগরকরকে টপকে সরাসরি ভারতীয় ক্রিকেট বোর্ডের দ্বারস্থ হয়েছেন কয়েক জন ক্রিকেটার। ভবিষ্যৎ নিয়ে স্পষ্ট দিশা চাইছেন তাঁরা।

Advertisement

আফগানিস্তানের বিরুদ্ধে এক দিনের সিরিজ় দিয়েই ২০২৭ সালের এক দিনের বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে চাইছে ভারত। সেই সিরিজ়ে নেই বিরাট কোহলি। কিন্তু খেলবেন রোহিত শর্মা। এই দুই ক্রিকেটারই জানিয়েছেন, ২০২৭ সালের বিশ্বকাপ তাঁরা খেলতে চান। কিন্তু এখনও সেই বিষয়ে গম্ভীরের কাছ থেকে কোনও জবাব তাঁরা পাননি বলেই বোর্ড সূত্রে খবর। সেই কারণে সরাসরি বোর্ডের দ্বারস্থ হয়েছেন তাঁরা। অবশ্য কোন কোন ক্রিকেটার বোর্ডের সঙ্গে যোগাযোগ রাখছেন সেই নাম অবশ্য জানা যায়নি। সবই জল্পনার স্তরে রয়েছে।

‘টাইমস অফ ইন্ডিয়া’ জানিয়েছে, দলের কয়েক জন সিনিয়র ক্রিকেটার ও গম্ভীরের চিন্তাভাবনা মিলছে না। তার ফলেই গম্ভীর ও আগরকরকে টপকে সরাসরি কর্তাদের সঙ্গে কথা বলছেন তাঁরা। বোর্ডের এক সূত্র জানিয়েছে, ভারতের এক দিনের দলে বেশ কয়েক জন তারকা ক্রিকেটার রয়েছেন। তাঁরা দীর্ঘ দিন এই দলকে টেনে নিয়ে গিয়েছেন। ফলে এক দিনের দলের সাজঘরে শুভমন গিলকে আরও স্পষ্ট বার্তা দিতে হবে। গম্ভীর বাকি দুই ফরম্যাটের মতো এক দিনের দলে বেশি মাথা ঘামান না। তবে কি এক দিনের দলে দাপট কমছে তাঁর? প্রশ্ন উঠছে।

এ বার আইপিএল জিতে কোহলি জানিয়েছেন, তাঁকে আর কাউকে প্রমাণ দেওয়ার কিছু নেই। রোহিতও এক দিনের ক্রিকেট খেলার ধরন বদলে ফেলেছেন। এই দুই ক্রিকেটার রান করছেন। ফলে তাঁদের দল থেকে বাদ দেওয়া সহজ হবে না। দুই তারকার টেস্ট দল থেকে অবসরের নেপথ্যে গম্ভীরের হাত রয়েছে বলে অনেকে মনে করেন। ফলে এক দিনের দলে গম্ভীরের পক্ষে এই দুই ক্রিকেটারকে নিয়ে বড় সিদ্ধান্ত নেওয়া সহজ হবে না।

বোর্ডের সেই সূত্র আরও জানিয়েছেন, শুভমনের পাশাপাশি এ বার গম্ভীরেরও উচিত, সরাসরি সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে কথা বলা। দল তাঁদের কাছে কী চাইছেন তা স্পষ্ট করে বলা। পরের ১৬ মাসের মধ্যে বিশ্বকাপের দল গুছিয়ে ফেলতে হবে গম্ভীরকে। বিশ্বকাপের সময় কোহলির বয়স হবে প্রায় ৩৯। রোহিতের হবে ৪০। ফলে তাঁরা কত দিন খেলবেন বা কী ভাবে খেলবেন সেই বিষয়ে গম্ভীর, শুভমনের কাছ থেকে আরও স্পষ্ট ভাবনা চাইছে বোর্ড।

Advertisement
আরও পড়ুন