New Zealand vs South Africa

ঘরের মাঠে হার বিশ্বকাপ রানার্স নিউ জ়িল্যান্ডের, ৭ উইকেটে জিতে ইডেনে হারের জ্বালা কিছুটা মেটাল দক্ষিণ আফ্রিকা

টি-টোয়েন্টি বিশ্বকাপে টানা সাতটি ম্যাচ জিতে সেমিফাইনালে উঠেছিলেন মার্করামেরা। কিন্তু ইডেন গার্ডেন্সে সেমিফাইনালে তাঁরা হেরে যান মিচেল স্যান্টনারদের কাছে। সেই জ্বালা কিছুটা মেটাল প্রোটিয়ারা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৫ মার্চ ২০২৬ ১৫:২৭
picture of cricket

দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের উচ্ছ্বাস। ছবি: এক্স।

টি-টোয়েন্টি বিশ্বকাপ রানার্স নিউ জ়িল্যান্ড হেরে গেল সেমিফাইনালিস্ট দক্ষিণ আফ্রিকার কাছে। ঘরের মাঠে মিচেল স্যান্টনারের দল হারল ৭ উইকেটে। মাউন্ট মাউঙ্গানুইয়ের ২২ গজে বিশ্বকাপ সেমিফাইনালে হারের বদলা নিল প্রোটিয়ারা। প্রথমে ব্যাট করে কিউয়িরা ১৪.৩ ওভারে ৯১ রানে অল আউট হয়ে যায়। জবাবে ১৬.৪ ওভারে ৩ উইকেটে ৯৩ দক্ষিণ আফ্রিকার।

Advertisement

বিশ্বকাপের পর রবিবার প্রথম খেলতে নামে দু’দল। দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজ়ের প্রথম ম্যাচেই জয় পেল দক্ষিণ আফ্রিকা। টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন স্যান্টনার। কিন্তু ঘরের মাঠে সুবিধা করতে পারেননি কিউয়ি ব্যাটারেরা। শুরু থেকেই উইকেট হারাতে শুরু করে তারা। পর পর আউট হয়ে যান ডেভন কনওয়ে (১), টম লাথাম (৭), টিম রবিনসন (৬), নিক কেলিরা (২)। ২১ রানে ৪ উইকেট হারানোর পর আর লড়াই ফিরতে পারেননি নিউ জ়িল্যান্ড। দলকে ভরসা দিতে পারেননি বিভন জ্যাকবস (১০), স্যান্টনারও (১৫)। চাপের মধ্যে কিছুটা লড়াইয়ের চেষ্টা করেন জেমস নিশাম। তিনি ২১ বলে ২৬ রান করেন। এ ছাড়া কোল ম্যাককোঞ্চি ১৫ রান করেন।

দক্ষিণ আফ্রিকার এনকোবানি মোকেয়না ২৬ রানে ৩ উইকেট নিয়েছেন। ১৪ রানে ২ উইকেট জেরাল্ড কোয়েৎজ়ের। ২২ রানে ২ উইকেট নিয়েছেন ওটনিল বার্টম্যানের। ২৫ রানে ২ উইকেট নিয়েছেন কেশব মহারাজ।

জয়ের জন্য ৯২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই ২ উইকেট হারায় দক্ষিণ আফ্রিকাও। ওপেনার টনি ডি জ়োর্জ়ি (২) এবং তিন নম্বরে নামা রুবিন হার্মান (৭) দ্রুত আউট হন। চার নম্বরে নেমে জেসন স্মিথও রান পাননি (১০)। তবু সমস্যা হয়নি। অন্য ওপেনার কনর এস্টারহুইজ়েন পরিস্থিতি সামাল দেন। তিনি ৪৮ বলে ৪৫ রান করে অপরাজিত থাকেন। মারেন ২টি চার এবং ২টি ছয়। তাঁর সঙ্গে শেষ পর্যন্ত ২২ গজে ছিলেন ডিয়ান ফর্স্টার (অপরাজিত ১৬)। একটি করে উইকেট পেয়েছেন কাইল জেমিসন, জ়্যাক ফকস এবং স্যান্টনার।

দু’দলই বিশ্বকাপ খেলা অধিকাংশ ক্রিকেটারকেই এ দিন বিশ্রাম দিয়েছিল। খেলেননি এডেন মার্করামও। দক্ষিণ আফ্রিকাকে নেতৃত্ব দেন মহারাজ। পাঁচ ম্যাচের সিরিজ়ে ১-০ ব্যবধানে এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা। টি-টোয়েন্টি বিশ্বকাপে টানা সাতটি ম্যাচ জিতে সেমিফাইনালে উঠেছিলেন মার্করামেরা। কিন্তু ইডেন গার্ডেন্সে সেমিফাইনালে তাঁরা হেরে যান স্যান্টনারদের কাছে। তার পর প্রথম দেখাতেই সেই হারের বদলা নিল দক্ষিণ আফ্রিকা।

Advertisement
আরও পড়ুন