FIFA World Cup 2026

জাপানের বিরুদ্ধে কি শুরু থেকে খেলবেন নেমার? জবাব ব্রাজ়িলের কোচের, এই ম্যাচকেই ‘ফাইনাল’ ভেবে নামছেন আনচেলোত্তি

সোমবার নকআউটে ব্রাজ়িলের সামনে জাপান। এশিয়ার সেরা দেশের বিরুদ্ধে নামার আগে ব্রাজ়িল সমর্থকদের স্বস্তির কথা শোনালেন কোচ কার্লো আনচেলোত্তি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৯ জুন ২০২৬ ১৫:৫৩
football

নেমারের (বাঁ দিকে) সঙ্গে কার্লো আনচেলোত্তি। —ফাইল চিত্র।

গ্রুপ পর্বের শেষ ম্যাচে ১৫ মিনিটের জন্য খেলতে নেমেছিলেন নেমার। সোমবার ভারতীয় সময় রাত ১০.৩০ মিনিটে নকআউটে ব্রাজ়িলের সামনে জাপান। সেই ম্যাচে কি নেমার শুরু থেকে খেলবেন? এশিয়ার সেরা দেশের বিরুদ্ধে নামার আগে ব্রাজ়িল সমর্থকদের স্বস্তির কথা শোনালেন কোচ কার্লো আনচেলোত্তি।

Advertisement

নেমারকে শুরু থেকে পাওয়া না গেলেও আগের দিনের তুলনায় তিনি বেশি ক্ষণ খেলতে পারবেন বলেই জানিয়েছে আনচেলোত্তি। ম্যাচের আগে ব্রাজ়িলের কোচ বলেন, “গত এক সপ্তাহে ওর খুব ভাল উন্নতি হয়েছে। আগের ম্যাচে ও ১৫ মিনিটের বেশি খেলতে পারেনি। কিন্তু এই ম্যাচে ও আরও বেশি সময় খেলবে।” তবে নেমার শুরু থেকে খেলবেন কি না তা খোলসা করেননি আনচেলোত্তি। কোচের কথায় মনে হচ্ছে, পরিবর্ত হিসাবেই নেমারকে নামাবেন তিনি।

গ্রুপ পর্বে ব্রাজ়িলের মতোই একটি ম্যাচও হারেনি জাপান। তাদের সমীহ করছেন আনচেলোত্তি। সতর্ক তিনি। তাঁর কাছে এটাই ফাইনাল। ব্রাজ়িলের কোচ বলেন, “জাপান বিশ্বের সেরা দলগুলোর মধ্যে একটা। ওদের সম্মান করি। এই ম্যাচকেই আমরা ফাইনাল ভেবে নামছি। সে ভাবেই প্রস্তুতি নিয়েছি।”

সব রকম পরিস্থিতির জন্য দলকে তৈরি থাকার বার্তা দিয়েছেন আনচেলোত্তি। কারণ, নকআউটে খেলা টাইব্রেকারেও যেতে পারে। আনচেলোত্তি বলেন, “আমরা মানসিক ভাবে তৈরি। যে কোনও পরিস্তিতির জন্য তৈরি। জানি, খেলা অতিরিক্ত সময় বা টাইব্রেকারেও যেতে পারে। সে ভাবেই সকলকে তৈরি থাকতে বলেছি।”

football

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

গত কয়েকটি বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল থেকে বাদ পড়তে হয়েছে ব্রাজ়িলকে। এ বার রাউন্ড অফ ৩২-এই কঠিন প্রতিপক্ষ। আনচেলোত্তি জানেন, একটাই সুযোগ পাবেন। সেটা কাজে লাগাতে হবে। তিনি বলেন, “এমন নয় যে দুই পর্বে খেলা হবে। একটাই ম্যাচ। তাতেই ফয়সালা হয়ে যাবে। জয় ছাড়া কিছু ভাবছি না। সে ভাবেই প্রস্তুতি নিয়েছি।”

Advertisement
আরও পড়ুন