Viral Video

পাহাড়ি রাস্তায় ভূমিধস, পাথর-মাটির চাঁইয়ে তলিয়ে গিয়েও যমরাজকে ফাঁকি বাইকচালকের, ভয় ধরানো ভিডিয়ো প্রকাশ্যে

বৃষ্টিস্নাত একটি পাহাড়ি রাস্তা পার হওয়ার সময় আকস্মিক ভূমিধসে এক বাইকচালকের ভেসে যাওয়ার নাটকীয় মুহূর্তটি ধরা পড়েছে ভাইরাল একটি ভিডিয়োয়। দেখা গিয়েছে সাবধানে পাহাড়ের ঢাল বেয়ে তৈরি একটি সরু ও কর্দমাক্ত রাস্তা বাইকে চড়ে পার হওয়ার চেষ্টা করছেন তিনি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৯ জুন ২০২৬ ১৬:৫৭

ছবি: সংগৃহীত।

বৃষ্টিভেজা পাহাড়ি রাস্তায় বাইক চালিয়ে আসতে গিয়ে মৃত্যুকে যেন ছুঁয়ে ফিরলেন এক তরুণ। গত ২৮ জুন থেকে চলা ভারী বৃষ্টিতে বিপর্যস্ত হওয়ার পর পাহাড়ে বিশাল এক ভূমিধসের কবলে পড়েন বাইকচালক। সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে ঘটনাটি অরুণাচল প্রদেশের লোয়ার সিয়াং জেলার। বাইকসমেত পাহাড়ের ঢালু রাস্তা দিয়ে নামতে গিয়ে মাটির নীচে তলিয়ে যেতে যেতেও অলৌকিক ভাবে বেঁচে ফেরেন তরুণ। হাড়হিম করা সেই দৃশ্যের ভিডিয়ো সমাজমাধ্যমে প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়েছে। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

বৃষ্টিস্নাত একটি পাহাড়ি রাস্তা পার হওয়ার সময় আকস্মিক ভূমিধসে এক বাইকচালকের ভেসে যাওয়ার নাটকীয় মুহূর্তটি ধরা পড়েছে ভাইরাল সেই ভিডিয়োয়। দেখা গিয়েছে সাবধানে পাহাড়ের ঢাল বেয়ে তৈরি একটি সরু ও কর্দমাক্ত রাস্তা বাইকে চড়ে পার হওয়ার চেষ্টা করছেন তিনি। ধীরে ধীরে এগোতে শুরু করার পর কোনও আভাস ছাড়াই হঠাৎ তাঁর পায়ের নীচের মাটি সরে যেতে শুরু করে। পাহাড়ে ঢাল বেয়ে নদীর জলস্রোতের মতো নেমে আসতে শুরু করে মাটির চাঁই। কয়েক সেকেন্ডের মধ্যেই কাদা, পাথর ও ধ্বংসাবশেষের এক বিশাল অংশ পাহাড়ের ঢাল বেয়ে ধেয়ে আসে। আরোহী ও তাঁর বাইকটিকে সঙ্গে টেনে নিয়ে যায়। ভূমিধসটি পাহাড়ের গা বেয়ে গড়িয়ে নীচের সিজি নদীতে গিয়ে মেশে এবং ধুলো ও কাদার এক বিশাল মেঘ তৈরি করে। এই ভয়াবহ ঘটনা সত্ত্বেও বাইকচালক অলৌকিক ভাবে কোনও আঘাত ছাড়াই বেঁচে যান বলে সংবাদমাধ্যম সূত্রের খবর।

ভিডিয়োটি ‘ক্যাং_থাঙ্গ’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে পোস্ট করার পর ইতিমধ্যেই তা বহু বার দেখা হয়েছে। প্রায় দু’হাজারের মতো লাইক জমা প়ড়েছে তাতে। প্রকৃতির রুদ্ররূপ দেখে আতঙ্কে শিউরে উঠেছেন নেটাগরিকেরা। নেটমাধ্যম ব্যবহারকারীদের অনেকেই বাইকআরোহীর এই বেঁচে যাওয়াকে ‘জীবনের দ্বিতীয় সুযোগ’ বলে অভিহিত করছেন। ক্যামেরায় ধারণ করা ভূমিধসের ভয়াবহতা বিবেচনা করে নেটাগরিকদের একাংশ তরুণের এই বেঁচে যাওয়াকে ‘অলৌকিক’ বলে উল্লেখ করেছেন।

Advertisement
আরও পড়ুন