FIFA World Cup 2026

আর্জেন্টিনা, ইংল্যান্ডের টিম হোটেলের কাছে বন্দুকবাজের হানা! আহত ৯, বিশ্বকাপে নিরাপত্তা নিয়ে বাড়ছে উদ্বেগ

কানসাস সিটিতে বন্দুকবাজের হামলায় ৯ জন আহত হয়েছেন। এই শহরেই নিজেদের শিবির করেছে আর্জেন্টিনা ও ইংল্যান্ড। ফলে নিরাপত্তা নিয়ে বাড়ছে উদ্বেগ।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৮ জুন ২০২৬ ১২:২৬
football

আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। ছবি: এক্স।

বিশ্বকাপের আগে একের পর এক ঘটনায় চাপ বাড়ছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের। সোমবার স্থানীয় সময় ভোরে কানসাস সিটিতে বন্দুকবাজের হামলায় ৯ জন আহত হয়েছেন। এই শহরেই নিজেদের শিবির করেছে আর্জেন্টিনা ও ইংল্যান্ড। ফলে নিরাপত্তা নিয়ে বাড়ছে উদ্বেগ।

Advertisement

জানা গিয়েছে, সোমবার ভোর ৪টে নাগাদ কানসাস সিটির ট্রুস্ট অ্যাভিনিউ ও ইস্ট স্ট্রিটে গুলির শব্দ পাওয়া যায়। সঙ্গে সঙ্গে সেখানে পৌঁছোন পুলিশকর্মীরা। তিন মহিলা গুলিবিদ্ধ অবস্থান পড়েছিলেন। তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পুলিশ জানিয়েছে, আরও ছয় ব্যক্তি আহত হয়েছেন। পুলিশ আসার আগেই তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়ার হয়েছে।

কানসাস সিটি পুলিশ দফতরের প্রধান জেক বেকিনা জানিয়েছেন, আহতদের কারও অবস্থা তেমন গুরুতর নয়। এই হানার সঙ্গে ফুটবলের কোনও সম্পর্ক নেই বলেও জানিয়েছেন তিনি। ঘটনার তদন্ত চলছে। এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

যেখানে গুলি চলেছে সেখান থেকে আর্জেন্টিনা ও ইংল্যান্ডের টিম হোটেল বেশি দূরে নয়। কানসাস সিটি স্পোর্টিংয়ের নতুন স্টেডিয়ামে অনুশীলন করছেন লিয়োনেল মেসিরা। অন্য দিকে হ্যারি কেনদের অনুশীলনের কথা কানসাস সিটি স্পোর্টিংয়ের পুরনো স্টেডিয়ামে। তবে ঘটনাচক্রে, দুই দলই এই সময় সেখানে নেই। প্রস্তুতি ম্যাচ খেলতে টেক্সাসে গিয়েছে আর্জেন্টিনা। ইংল্যান্ড রয়েছে ফ্লরিডায়।

তবে এই ঘটনায় বিশ্বকাপে দলগুলির নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। ৪৮টি দলের মধ্যে বেশির ভাগই আমেরিকায় শিবির করেছে। তাদের ফুটবলার, সাপোর্ট স্টাফ ও কর্তাদের নিরাপত্তা নিশ্চিত করা কথা জানিয়েছে ট্রাম্প প্রশাসন। তার পরেও এই গুলি চালানোর ঘটনা নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দিচ্ছে। সব মিলিয়ে বিশ্বকাপের আগে নিরাপত্তা নিয়ে বাড়ছে উদ্বেগ।

Advertisement
আরও পড়ুন